ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫
মেলবোর্ন,২ জুলাই- ভয়াবহ দুই দফা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায়…
মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার সন্ধ্যায় এক অভাবনীয় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অংশ নেয় অন্তত ১৫টি যুদ্ধবিমান, যা কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বহুতল আবাসিক ভবনে ১০টি গোলা নিক্ষেপ করে। লক্ষ্য ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ের শীর্ষ নেতারা।
এর আগের দিন জেরুজালেমের একটি বাসস্টেশনে দুই ফিলিস্তিনির বন্দুক হামলায় ছয়জন ইসরায়েলি নিহত হন। একই সময়ে গাজা শহরে ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে হামাসের যোদ্ধারা চারজন সৈন্যকে হত্যা করে। এসব ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সেনাবাহিনীকে প্রতিশোধমূলক অভিযানের নির্দেশ দেন।
কাতারের দোহায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন, যাদের মধ্যে পাঁচজন হামাসের সদস্য এবং কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন। ইসরায়েলি সূত্রের দাবি, হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন গাজা থেকে নির্বাসিত নেতা খলিল আল-হাইয়া এবং পশ্চিম তীর থেকে নির্বাসিত আলোচক জাহের জাবারিন।
হামাস জানিয়েছে, নিহতদের মধ্যে আছেন খলিল আল-হাইয়ার ছেলে হুম্মাম এবং হাইয়া অফিসের পরিচালক জিহাদ লাবাদ। তবে হামাস দাবি করেছে, আলোচনার মূল নেতারা ইসরায়েলি হামলা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।
কাতার সরকার এক বিবৃতিতে এই হামলাকে “কাপুরুষোচিত” এবং “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” বলে নিন্দা জানিয়েছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হামাস সদস্যদের বিষয়ে কাতার সরাসরি কোনো মন্তব্য করেনি।
হামাস অভিযোগ করেছে, এই হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। তারা দাবি করেছে, ইসরায়েল হামলার আগে মার্কিন সেনাবাহিনীকে অবহিত করেছে। হোয়াইট হাউসও পরে জানিয়েছে, ওয়াশিংটন ঘটনাটি সম্পর্কে অবগত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “অপ্রত্যাশিত” ঘটনা বলে মন্তব্য করলেও বলেছেন, “হামাসকে নির্মূল করা একটি ন্যায্য ও প্রয়োজনীয় লক্ষ্য।”
যুক্তরাষ্ট্রের জন্য কাতার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। এখানে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি। পাশাপাশি কাতার দীর্ঘদিন ধরে ইসরায়েল-হামাস শান্তি আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় অন্তত আটবার বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং উত্তরাঞ্চলীয় কাতারা জেলায় কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে চারদিকে ছুটোছুটি করতে থাকেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, হামাসের সিনিয়র নেতাদের “সুনির্দিষ্টভাবে লক্ষ্য করেই” এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, হামলায় অংশ নেয় ১৫টি যুদ্ধবিমান এবং মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ১০টি গোলা নিক্ষেপ করা হয়।
গত ২৩ মাসে হামাসের একাধিক শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ইরান সফরে গিয়ে নিহত হন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। এর আগে নিহত হন ইয়াহিয়া সিনওয়ার, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন।
সেই হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জন জিম্মি হন। এরপর গাজায় ইসরায়েলের পাল্টা অভিযান শুরু হয়, যা এখনো চলছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৬৪ হাজারেরও বেশি মানুষ এবং ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au