মেলবোর্ন ৩১ ডিসেম্বর-সিলেট স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নিয়েছেন মুশফিক,সোহান, মিরাজরা। তার সম্মানে দুই দিন বিপিএলের খেলা বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। তবে শিডিউল মেলাতে চট্টগ্রামের সব গুলো ম্যাচ সিলেটেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ১২ই জানুয়ারি সিলেট পর্ব শেষ হয়ে ঢাকায় ফিরবে বিপিএল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু হাত তুলে মোনাজাতে মুশফিক, সোহান, মিরাজরা। বেগম খালেদা জিয়ার জানাজার পর বিশেষ দোয়ায় অংশ নেন ক্রিকেটাররা, উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ সাবেক ক্রিকেটাররাও।
জাতীয় শোক ও বেগম জিয়ার প্রতি সম্মান জানিয়ে টানা দুই দিন স্থগিত ছিলো বিপিএলের ম্যাচ, পহেলা জানুয়ারিতে আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। তবে চট্টগ্রামের দর্শকদের হতাশ করে সিলেটেই চট্টগ্রাম পর্বের ম্যাচ গুলো আয়োজনের সিদ্ধান্ত।
বিপিএল নিয়ে দর্শকদের বাড়তি উচ্ছাস থাকে, ঘরের মাঠে দলকে সমর্থনে বাড়তি উন্মাদনা থাকে, আর তাই চট্টগ্রামের দর্শকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৃহস্পতিবার দিনের ম্যাচে ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়েই পুনরায় বিপিএল মিশন শুরু করবে সিলেট, সন্ধ্যায় শিরোপা প্রত্যাশী রংপুরের প্রতিপক্ষ রাজশাহী !