ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন
মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় বহন এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন জরুরি খাতের কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে…
মেলবোর্ন, ২২ জানুয়ারি- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং দেশের প্রখ্যাত জ্যেষ্ঠ আমলা এম হাফিজ উদ্দিন খান আর নেই। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরার ১ নম্বর সেক্টরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার মামাতো ভাই লিয়াকত আলী জানান, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এম হাফিজ উদ্দিন খান কর্মজীবনে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে তিনি অর্থ, পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে তার ভূমিকা তাকে একটি পরিচিত ও সম্মানিত নাম করে তোলে।
সরকারি দায়িত্বের বাইরে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ছিলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতেও ছিল তার সক্রিয় উপস্থিতি। বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
প্রায় ১৫ বছর আগে সরকারি ও পেশাগত জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি স্ত্রীকে নিয়ে উত্তরার বাসায় বসবাস করতেন। সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের সন্তান এম হাফিজ উদ্দিন খান সৎ ও নির্লোভ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। পরিবারের সদস্যরা কানাডা থেকে দেশে পৌঁছানোর পর তার জানাজার সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। পরে তাকে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au