বাংলাদেশ

চট্টগ্রামে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে

  • 7:21 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:২৮৩ বার
চট্টগ্রামে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- চট্টগ্রাম নগরে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে। ঘটনার সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেননি। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, গলির রাস্তায় তিনজন ব্যক্তি খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁরা তাঁকে ধাক্কা দিতে থাকেন। এরপর লাঠি হাতে নিয়ে একের পর এক আঘাত করতে শুরু করেন। আঘাতে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার পরও তাঁর ওপর মারধর চলতে থাকে। একসময় তিনি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। আশপাশে থাকা লোকজন পুরো ঘটনাটি দেখলেও কেউ বাধা দেননি কিংবা তাঁকে রক্ষায় এগিয়ে আসেননি।

পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদের মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মারধরে জড়িত ব্যক্তিদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে আটক করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বশত্রুতা বা কোনো দীর্ঘদিনের বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না জানতে চাইলে ওসি জানান, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে আগে কোনো শত্রুতার তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটি থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই তুচ্ছ বিষয় থেকেই একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে খোরশেদকে হত্যা করা হয়।

পুলিশ আরও জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহেই বায়েজিদ বোস্তামী থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় একজন র‍্যাব কর্মকর্তা নিহত হন এবং আরও তিনজন আহত হন। পরপর এমন সহিংস ঘটনায় চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায়…

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

ওটিএন বাংলা রিপোর্ট :  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯…

গোল্ড কোস্টে সংগীত উৎসবে গ্র্যান্ডস্ট্যান্ড ধস, হাসপাতালে চারজন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সংগীত উৎসবে শত শত দর্শকের বসার জন্য তৈরি গ্র্যান্ডস্ট্যান্ড ধসে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে…

পার্থে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, হাসপাতালে আরও দুজন

অস্ট্রেলিয়ার পার্থের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। তাদের হাসপাতালে ভর্তি করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au