বাংলাদেশ

৬ মাস ধরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ভিডিও ধারণ করা যুবক আটক

  • 7:02 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তের মোবাইল ফোনে গত ছয় মাসে ধারণ করা প্রায় ১৪০টি স্পর্শকাতর ভিডিও পাওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম রিয়াজ আহমেদ। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ব্রাজিল ও জাপানের মধ্যকার ম্যাচ উপভোগ শেষে কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় একজন ছাত্রী সন্দেহ করেন, একজন পুরুষ ওয়াশরুমে প্রবেশ করে দ্রুত বেরিয়ে গেছেন।

পরে ওয়াশরুম থেকে বের হয়ে কয়েকজন ছাত্রী ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও তার মোবাইল ফোন তল্লাশি করে দেখা যায়, ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তের মোবাইল ফোনের গ্যালারিতে চলতি বছরের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারণ করা ছাত্রীদের বহু স্পর্শকাতর ভিডিও সংরক্ষিত ছিল। এসব ভিডিও দেখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় না করেই পুলিশ প্রথমে অভিযুক্তকে নিয়ে চলে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম পুলিশের সঙ্গে যোগাযোগ করলে অভিযুক্তকে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এরপর ভোর ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়।

এ সময় ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ জমা দেন এবং মামলা দায়েরের জন্য আশুলিয়া থানায় যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী সীমান্ত বলেন, অভিযুক্তের মোবাইল ফোনে প্রায় ১৪০টি ভিডিও পাওয়া গেছে। এসব ভিডিও দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গোপনে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত রিয়াজ আহমেদ অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বড় পর্দায় খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, এক বন্ধু তার মোবাইল ফোন নিয়ে ওয়াশরুমের দিকে গিয়ে ভিডিও ধারণ করে পালিয়ে যায়। তবে তার ফোনে গত ছয় মাসের ভিডিও কীভাবে এসেছে, এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, এর আগেও তিনি বিশ্ববিদ্যালয়ে এসে কিছু ভিডিও ধারণ করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা। বহিরাগত ওই যুবক দীর্ঘদিন ধরে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করে ডিজিটাল আলামত পরীক্ষা করা হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au