চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর ঝিনাইদহে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার মৃত্যুর পর এটিই প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ আয়োজনে তার বর্ণাঢ্য জীবন, শিল্পসাধনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদান তুলে ধরা হবে।
অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও পাপেট পরিবেশনা থাকবে। পাশাপাশি মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবন ও শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ এবং আলোচনা অনুষ্ঠিত হবে।
মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের সভাপতি এবং মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার বলেন, রং, রেখা, কল্পনা ও নান্দনিকতার আজীবন সাধক ছিলেন মুস্তাফা মনোয়ার। তার জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
গত ২৯ জুন মুস্তাফা মনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সৃষ্টিশীল কর্ম ও শিল্পভাবনা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।