বাংলাদেশ

‘তিন দিন ঘুরছি, সার পাই নাই: মারি ফেলার বুদ্ধি করছে’

  • 5:24 pm - September 23, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
সার নিয়ে ভোগান্তির কথা জানালেন কৃষক রুহুল আমিন।

কুড়িগ্রামে সার বিতরণ নিয়ে কৃষকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলায় সার নিতে গিয়ে কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও বিশৃঙ্খলা, বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কৃষি কর্মকর্তাকে মারধরের মতো ঘটনাও ঘটেছে। এতে কৃষকদের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে স্থানীয় প্রশাসনও।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের অভিযোগ, ডিলারের গুদাম থেকে একসঙ্গে শত শত কৃষকের মধ্যে সার বিতরণের কারণে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কৃষকদের সুবিধার জন্য ওয়ার্ডভিত্তিক তালিকাভুক্ত খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হলেও তা মাঠপর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুরে একটি ডিলার পয়েন্টে কৃষকদের ব্যাপক ভিড় দেখা যায়। পরিস্থিতি দেখে ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। এতে ক্ষুব্ধ কৃষকরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। পরে প্রশাসন ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত রবিবার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ও ভোগডাঙা ইউনিয়নের ডিলার পয়েন্টে সার বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘোগাদহে সার বিতরণে বিলম্ব হওয়ায় অপেক্ষমাণ কৃষকদের একটি অংশ উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর করে আহত করেন বলে জানা গেছে।

গত ১৮ সেপ্টেম্বর নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে ডিলারের গুদামে আরেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এরও আগে ১৬ সেপ্টেম্বর চর রাজিবপুর উপজেলার রাজিবপুর বাজারে ডিলারের গুদাম ভাঙচুর করে সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। একই ধরনের ঘটনা ৭ সেপ্টেম্বর রৌমারী এবং ২৩ আগস্ট ভূরুঙ্গামারীতেও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সার বিতরণ নিয়ে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটলেও বিতরণ ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের দূরত্ব বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কৃষক, স্থানীয় প্রশাসন এবং বিএনপির নেতারা ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের পরামর্শ দিলেও সেটি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

গত ১৯ সেপ্টেম্বর সার বিতরণ পরিস্থিতি নিয়ে রৌমারীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। পরদিন কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষকদের সুবিধা এবং সুষ্ঠুভাবে সার বিতরণের জন্য ডিলারের গুদামের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নিবন্ধিত খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বৈঠকে সিদ্ধান্ত হলেও মাঠপর্যায়ে তা পুরোপুরি কার্যকর না হওয়ার অভিযোগ রয়েছে। এদিকে বৈঠকের সময়ই কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা, ঘোগাদহ ও হলোখানা ইউনিয়নে ডিলারদের গুদামের সামনে বিশৃঙ্খলা দেখা দেয় এবং একজন কৃষি কর্মকর্তা হামলার শিকার হন।

কৃষকরা বলছেন, ডিলার পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। ফলে সার নিতে গিয়ে তাদের কাজের দিন নষ্ট হচ্ছে এবং আয় থেকেও বঞ্চিত হতে হচ্ছে। ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার দেওয়া হলে কৃষকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাছাকাছি স্থান থেকে সার সংগ্রহ করতে পারবেন বলে তাদের দাবি।

মঙ্গলবার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে বিসিআইসি অনুমোদিত ‘মেসার্স মো. আকবর আলী’ ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক সেখানে সার নিতে ভিড় করেছেন। পাঁচজন কৃষকের জন্য এক বস্তা সার দেওয়ার পরও অনেকে সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

যমুনা এলাকার কৃষক রুহুল আমিন বলেন, তিনি তিন দিন ধরে সার নেওয়ার জন্য ঘুরছেন। এবারও সার পাননি। তার অভিযোগ, কয়েকজন কৃষকের পরিচয়পত্র নিয়ে গেলেও নির্দিষ্ট সংখ্যক কৃষককে একসঙ্গে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এতে কৃষিকাজ বাদ দিয়ে সার সংগ্রহ করতে আসতে হচ্ছে।

একই ইউনিয়নের কৃষক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোলজার বলেন, আগে খুচরা দোকান থেকে প্রয়োজন অনুযায়ী সার নেওয়ার সুযোগ ছিল। বর্তমানে ডিলারের গুদামে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার মতে, আগের মতো খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণ করা হলে কৃষকদের ভোগান্তি কমবে।

বিসিআইসি সার ডিলার রমজান আলী বলেন, গত বছর খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণ করা হয়েছিল। এবার শুধু ডিলার পয়েন্টে সার দেওয়ায় ইউনিয়নের সব কৃষক এক জায়গায় জড়ো হচ্ছেন এবং এতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ওয়ার্ডভিত্তিক সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি মনে করেন।

উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের সিদ্ধান্ত হলেও এখনো তা চালু হয়নি। বর্তমানে শুধু ডিলারের গুদাম থেকেই সার বিতরণ করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সর্বসম্মতিক্রমে ওয়ার্ডভিত্তিক সার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি অন্নপূর্ণা দেবনাথ বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কৃষি বিভাগকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের নির্দেশ দেওয়া হলেও মাঠপর্যায়ে গড়িমসির অভিযোগ রয়েছে। সার বিতরণে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে ওয়ার্ডভিত্তিক সার বিতরণ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…

ভাইরাল রিলের আলোচিত বিউটি রানী এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের রিল ভিডিও প্রকাশের পর সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ…

ভারতীয় নাগরিক রবিউল রিমান্ডে, বললেন ‘অযথা হেনস্তা হচ্ছি’

ঢাকার উত্তরা থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতামূলক…

ভারতে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ ও গ্রেপ্তার দাবি বিরোধীদের

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরে দুই নির্বাচন কমিশনারের একাধিকবার আপত্তি জানানোর তথ্য প্রকাশ্যে আসার পর দেশটির নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।…

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক বিজ্ঞানের অধিকার থেকে সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া…

স্বাস্থ্য গবেষণার নমুনা ও তথ্যে নিয়ন্ত্রণ জোরদার করছে বাংলাদেশ

স্বাস্থ্য গবেষণায় ব্যবহৃত জৈবিক নমুনা, গবেষণা থেকে উৎপন্ন তথ্য এবং সেই গবেষণার মাধ্যমে সৃষ্ট মেধাস্বত্বের ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au