বিশ্ব

পেনসিলভেনিয়ায় বন্দুকবাজের হামলায় অন্তঃসত্ত্বা ও দুই শিশুসহ নিহত ৮, আত্মঘাতী হামলাকারী

  • 8:22 pm - October 11, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার
বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যুর পর পুলিশি ব্যারিকেডের ভেতর পরে থাকা রক্তাক্ত চাদর। ছবি: রয়টার্স

আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকবাজের হামলায় অন্তঃসত্ত্বা এক মহিলা ও দুই শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ইরি শহরের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তি আট জনকে খুন করার পর নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়েছেন।

শনিবার সাংবাদিক বৈঠকে ইরি পুলিশের প্রধান রিক লোরা জানান, পেরি স্ট্রিটের একটি বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে তার আগেই সন্দেহভাজন হামলাকারী নিজের বন্দুকের গুলিতে মারা যান। বাড়ির দোতলা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে লোরা বলেন, কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরেও মানুষের মনে থেকে যায়। এই ঘটনাও তেমনই এক মর্মান্তিক অভিজ্ঞতা।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিহত আট জনের মধ্যে সাত জনই হামলাকারীর পরিবারের সদস্য। অপর জন তাঁদের পারিবারিক বন্ধু। প্রথমে বাড়ির ভিতরে গুলি চালানোর পর বাইরে বেরিয়ে দুই মহিলাকেও গুলি করেন অভিযুক্ত। সেই সময় আতঙ্কিত ওই দুই মহিলা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছিলেন। তবে হামলার নেপথ্যে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়।

ইরি শহরের মেয়র ড্যারিয়া ডেভলিন এই ঘটনার পর পুলিশকর্মীদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। নিজেদের দায়িত্ব পালনে তাঁরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। একই সঙ্গে মেয়র বলেন, পুলিশকর্মীরাও এই সমাজের অংশ। শুক্রবার রাতের ঘটনার মানসিক অভিঘাত তাঁদেরও বহন করতে হবে।

পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো সমাজমাধ্যম এক্সে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পর ইরির মেয়রের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং রাজ্যের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

শাপিরো দীর্ঘ দিন ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করে আসছেন। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার আইনসভায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সংস্কারমূলক বিল পাশের জন্য উদ্যোগী হয়েছিলেন তিনি। সেই প্রস্তাবগুলির মধ্যে সিরিয়াল নম্বরবিহীন বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র, যা ‘ঘোস্ট গান’ নামে পরিচিত, তা নিয়ন্ত্রণের বিষয়টিও ছিল। তবে তাঁর একাধিক প্রস্তাব এখনও রাজ্য আইনসভায় আটকে রয়েছে।

আমেরিকায় বন্দুকহিংসা নিয়ে উদ্বেগ

‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখনও পর্যন্ত আমেরিকায় ৪০০টিরও বেশি গণগুলিচালনার ঘটনা ঘটেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, হামলাকারীকে বাদ দিয়ে অন্তত চার জন গুলিবিদ্ধ হলে সেই ঘটনাকে ‘মাস শ্যুটিং’ হিসেবে গণ্য করা হয়।

এর আগে পেনসিলভেনিয়ায় এ ধরনের ঘটনা ঘটেছিল গত জুলাই মাসে, ফিলাডেলফিয়ায়। সাম্প্রতিক এই হামলা ফের আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বন্দুকহিংসা নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ককে সামনে নিয়ে এসেছে।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, আগের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১৩

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর…

অস্ট্রেলিয়ায় কোথায় কবে দুর্গাপূজা

অস্ট্রেলিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। ২০২৬ সালের দুর্গোৎসব উপলক্ষে দেশটির আটটি রাজ্য ও অঞ্চলের বিভিন্ন শহরে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন…

হঠাৎ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের গন্তব্যে ফেরার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক…

না ফেরার দেশে ষাটের দশকের নায়িকা নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস…

নেত্রীকে ফেরানোর দৃপ্ত শপথ নেওয়া গোপালগঞ্জ আ. লীগ সভাপতির চিরবিদায়

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) মারা গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au