নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে তার ভাবনা জানতে চান অনেকে। সম্প্রতি এক আলাপচারিতায় প্রেমের প্রস্তাব না পাওয়া এবং তাকে ঘিরে ছেলেদের ভয়ের ধারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
আলাপচারিতায় তুষির কাছে জানতে চাওয়া হয়, আপনার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা বেশ কঠিন। বাস্তব জীবনেও কি আপনার সঙ্গে প্রেম করা কঠিন? মানুষ কি ভয় পায়?
জবাবে নাজিফা তুষি বলেন, ‘ভয় পায় মনে হয়। এই ভয়ে আর কেউ কিছু বলে না। আমাকে তো কেউ প্রপোজই করে না।’
প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, অনেকেই তাকে নিয়ে নানা ধারণা পোষণ করেন। তাদের মনে হয়, তার হয়তো অনেক বয়ফ্রেন্ড আছে। অথচ বাস্তবে কেউ তাকে প্রেমের প্রস্তাব দেন না।

নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
তুষির ভাষায়, ‘সবাই মনে করে যে আমার মনে হয় কত কত বয়ফ্রেন্ড আছে। আমি মনে হয় কত আদর্শ প্রেমিকা! কিন্তু কই! আমাকে তো কোনো ছেলে কিছু বলে না।’
অভিনেত্রী আরও জানান, অনেকে তাকে পছন্দ করার কথা বললেও সরাসরি মনের কথা প্রকাশ করতে এগিয়ে আসেন না। তার কথায়, ‘সবাই খালি বলে, হ্যাঁ মেয়েটা ভালো। পছন্দ হয়।’ অর্থাৎ, পছন্দের কথা থাকলেও প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অনেকে পিছিয়ে থাকেন বলে মনে করেন তিনি।
তুষিকে ঘিরে আরেকটি প্রচলিত ধারণা হলো, তিনি নাকি বেশ রাগী স্বভাবের। তবে এ ধারণার সঙ্গে নিজের বাস্তব ব্যক্তিত্বের মিল নেই বলে জানান অভিনেত্রী।
তিনি বলেন, ‘এমনটা মোটেই না। আমি অনেক ফানি টাইপের মানুষ। যদি আমার সঙ্গে কেউ মিশতে পারে, আমি খুবই সিম্পল এবং সহজ মানুষ।’
‘হাওয়া’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে বিশেষ পরিচিতি পাওয়া নাজিফা তুষি এখন অভিনয়ের বৈচিত্র্য নিয়ে এগোচ্ছেন। ‘রেশমা’, ‘সাধুর বউ’, ‘অ্যানি’, ‘আন্ধার’, ‘সখী রঙ্গমালা’সহ বিভিন্ন কাজ ঘিরে তার প্রতি দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে।