ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে দলটির নেতা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, তিন নেতাকেই প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিনডেকে আটক করা হয়। এর আগের দিনই যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থান হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।
সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে মুচলেকার শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। দিল্লি পুলিশ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যুক্তি দেয়, তাঁরা মানুষকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন, যা অপরাধমূলক অনধিকার প্রবেশের শামিল। এ ছাড়া আগে দেওয়া মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন, সেটিও তাঁরা রক্ষা করেননি বলে পুলিশের অভিযোগ।
তবে সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা পুলিশের এসব অভিযোগের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুচলেকার কোনো শর্ত ভঙ্গ করেননি।
ঘটনাটি ঘিরে দিল্লিতে রাজনৈতিক কর্মকাণ্ড ও বিক্ষোভের অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
সূত্র: দ্য হিন্দু