বিশ্ব

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান জানে না জাতিসংঘ

  • 3:28 pm - November 14, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএইএ। ছবি: সংগৃহীত

ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান জানতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এসব পরমাণু উপাদান কোথায় রয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা যাচাই করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যমএর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে পারছে না আইএইএ। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে স্থানান্তর করা হয়নি, এমন নিশ্চয়তা দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য আইএইএর হাতে নেই। বিশেষ করে দেশটির কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান ও ব্যবহার সম্পর্কে সংস্থাটি নিশ্চিত হতে পারছে না।

ইরানের ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়েও উদ্বেগ রয়েছে আইএইএর। গত বছর তেহরান সংস্থাটিকে ওই স্থাপনার অস্তিত্বের কথা জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ফলে স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে কোনো পরমাণু উপাদান মজুত রয়েছে কি না, তা যাচাই করতে পারেনি সংস্থাটি।

২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস হয় অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার পর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও দেশটির পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আইএইএর হিসাবের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত প্রায় ৯০ শতাংশ। তবে হামলার পর থেকে ওই ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি সংস্থাটি।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি প্রতিবেদনে বলেছেন, ইরানের পরমাণু উপাদানের মজুত ও অবস্থান যাচাইয়ের কাজ আর বিলম্ব না করে শুরু করা জরুরি। এ জন্য সংস্থাটির পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ ধাপে ধাপে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় এ মুহূর্তে পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, তাদের কাছে সংরক্ষিত সব গোপন তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

ইরানের পরমাণু উপাদানের প্রকৃত অবস্থান ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে আইএইএর পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার কারণে এ প্রক্রিয়া কবে শুরু হবে, তা এখনো অনিশ্চিত।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au