টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে এক বীর মুক্তিযোদ্ধাকে। সামচু ঢালী নামের ওই ব্যক্তি গত ২৯ মার্চ মারা গেলেও ৯ নভেম্বরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।
সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন। পরিবারের দাবি, গত ২৯ মার্চ তাঁর মৃত্যু হয়। অথচ মৃত্যুর কয়েক মাস পর সংঘটিত একটি ঘটনার মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসব ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে সামচু ঢালীর নাম।
মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস আগে ঘটে যাওয়া ঘটনার মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করে তালিকা তৈরি করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য দেখা গেছে।
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাঁকে একটি মামলার আসামি করা হয়েছে। বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত বিস্ময়কর। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাঁদের প্রশ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে তাঁর বাবার নাম প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মামলার বাদী উপপরিদর্শক আকরাম বলেন, তিনি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নাম তাঁকে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, আসামির বাড়ি শিবচরে হলেও তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না। সেখান থেকেই নামগুলো এসেছে বলে জানান তিনি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে কিংবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাঁদের নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au