টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ রাখা হলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ, কাজ না করলে মজুরিও মিলবে না।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ইতিমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
তিনি বলেন, আগামীকাল যেসব কারখানায় উৎপাদন চালু রাখা সম্ভব হবে না, সেগুলো মালিকেরা চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে পারবেন।
বিজিএমইএ সভাপতি আরও জানান, আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শ্রমিকদের আন্দোলনের মধ্যে গত শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
শ্রমিকনেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের জড়ানো উচিত নয়। একই সঙ্গে উসকানি ও অপতৎপরতা থেকেও বিরত থাকার আহ্বান জানান তাঁরা। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন শ্রমিকনেতারা।
মালিকদের উদ্দেশে তাঁরা বলেন, বর্তমানে দু-একটি এলাকায় শ্রমিক আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখা প্রয়োজন।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au