বিশ্ব

২৬ বছরের স্বীকৃতির অবসান, হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

  • 11:33 pm - November 14, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র। ছবি : রয়টার্স

টানা এক বছরের বেশি সময় ধরে হাম (মিজলস) সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটির ২৬ বছরের হামমুক্ত থাকার স্বীকৃতির অবসান ঘটল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা প্রত্যাহার করেছে।

পিএএইচওর মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র টানা ১২ মাসের বেশি সময় ধরে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে পারেনি। ফলে দেশটিতে স্থানীয়ভাবে হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও পিএএইচও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের স্বীকৃতি হারাল, যখন দেশটি গত তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সংক্রমণের মুখে পড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। এ পরিস্থিতিতে টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের অনীহা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া মহামারিসংক্রান্ত ও পরীক্ষাগারভিত্তিক তথ্য পর্যালোচনা করে পিএএইচও এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে চলেছে কি না, তা যাচাই করা হয়। কারণ, এ ধরনের ধারাবাহিক সংক্রমণ স্থানীয়ভাবে ভাইরাসের বিস্তারের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে বিদেশ থেকে আসা সংক্রমণকে স্থানীয় সংক্রমণের ধারাবাহিকতা হিসেবে ধরা হয় না।

এর আগে কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের পর্যালোচনার পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও সংস্থাটির আঞ্চলিক শাখা পিএএইচওর সদস্য রয়েছে।

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ সিদ্ধান্ত ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারালেও সংস্থাটির কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না। টিকাদানে উৎসাহিত করতে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে আগের মতোই কাজ করবে সিডিসি।

চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউইয়র্ক সিটি ও কলাম্বিয়া জেলায় ৫ হাজার ১৮২ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সিডিসি। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। অর্থাৎ, কয়েক দশকের মধ্যে দেশটিতে হাম সংক্রমণের বড় ধরনের পুনরুত্থান ঘটেছে।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রুয়ার বলেন, হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এত বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

হামবিষয়ক একটি স্বাধীন উপদেষ্টা প্যানেলের প্রধান ব্রুয়ার মঙ্গলবার পিএএইচওর কাছে যুক্তরাষ্ট্রের হাম পরিস্থিতি নিয়ে সিডিসির প্রতিবেদন ও প্যানেলের মূল্যায়ন তুলে ধরেন।

সিডিসির প্রতিবেদনটি এখনো প্রকাশ করা হয়নি। তবে সংস্থাটির অনুসন্ধানের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস হাম ভাইরাসের সংক্রমণ চলার বিষয়টি নিশ্চিত করেছে সিডিসি।

উল্লেখ্য, ২০০০ সালে হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্র। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের অন্তত ৯৫ শতাংশ মানুষকে হামের টিকার আওতায় আনা গেলে জনগোষ্ঠীর মধ্যে শক্তিশালী রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়। একে হার্ড ইমিউনিটি বলা হয়। এর ফলে যারা চিকিৎসাগত কারণে টিকা নিতে পারেন না, তাঁরাও সংক্রমণ থেকে পরোক্ষ সুরক্ষা পান।

হামের টিকার দুটি ডোজ সংক্রমণ প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। এই ভাইরাসে আক্রান্ত হলে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যার অধ্যাপক উইলিয়াম মস বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারানো জনস্বাস্থ্য খাতে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় ধাক্কা। এতে অন্য দেশগুলোও নিরুৎসাহিত হতে পারে।

তাঁর আশঙ্কা, এর ফলে যুক্তরাষ্ট্রে বড় ধরনের সংক্রমণ অব্যাহত থাকতে পারে। এতে আরও মানুষ অসুস্থ হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়বেন।

হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে কোনো দেশকে স্থানীয়ভাবে সংক্রমণ বন্ধ করার পাশাপাশি অন্তত টানা ১২ মাস নতুন করে প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে।

সূত্র: রয়টার্স 

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au