পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি। ছবিঃ সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে মিছিলে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন।
তবে হামলাকারীরা কারা, কী কারণে এই হামলা চালিয়েছে এবং তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী সময়ে জানানো হবে।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।