প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য যখন সুবিধাজনক সময় হবে, তখনই এই সফর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়েছে কি না, জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য ভারত থেকে আমন্ত্রণ রয়েছে। তবে এ নিয়ে এখনই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। উপযুক্ত সময় এলে সফরটি হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে প্রয়োজনীয় সময় দিতে হবে। সময়ের সঙ্গে বিভিন্ন বিষয় আরও ইতিবাচকভাবে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন বা সংকটকে সামনে রেখে তিনি হতাশ নন। তার ভাষায়, তিনি ইতিবাচক এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছেন। বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের মধ্যেও ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশেরই নিজস্ব রাজনৈতিক বাস্তবতা ও রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে কাজের মাধ্যমে ধীরে ধীরে অগ্রগতি হবে। দুই দেশের সরকারপ্রধান যখন নিজেদের জন্য সুবিধাজনক সময় পাবেন, তখন সফরটি অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক নিয়েও সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি হুমায়ুন কবিরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, অতীতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে তিনি মনে করেন।
দীনেশ ত্রিবেদী জানান, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে এবং তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। তবে মঙ্গলবারের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি। বৈঠকের পরিবেশ ইতিবাচক ছিল বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।
তিনি আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি হুমায়ুন কবিরকে ভারতীয় হাইকমিশন ও ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়েও তাকে অভিনন্দন জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, মঙ্গলবারের সাক্ষাৎটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। এর আগে সেপ্টেম্বরের শুরুতেও তিনি জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং সফরের সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।
এর আগে আগস্টে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়ার পক্ষে মত দিয়েছিলেন এবং দুই দেশের সরকারপ্রধানের সরাসরি বৈঠকের মাধ্যমে বিভিন্ন মতপার্থক্য ও সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিয়েছিলেন।