মেলবোর্ন ২ জুলাই
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ মানেই টাইগারদের জন্য বাড়তি উত্তাপ। লংকা-বাংলা দৈরথ যেনো পাকিস্তান-ভারত উত্তেজনাকে ছুঁয়ে ফেলে। তবে টাইগাররা শ্রীলংকার মাটিতে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। প্রেমাদাসায় লংকানদের বিপক্ষে কোন জয় নেই। আজ থেকে এ মাঠেই শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্যাপ্টেন মেহেদী মিরাজের প্রত্যাশা নতুন শুরু। র্যাংকিংয়ে পিছিয়ে থাকা টাইগারদের সহজ ভাবে নিচ্ছে না শ্রীলংকা। ম্যাচ শুরু মেলবোর্ন সময় রাত ৮টায়।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তেজনা। কখনো বা বাড়তি বিবাদ। মাঠের ক্রিকেটের পারফরম্যান্স প্রতিদ্বন্দ্বিতা আরোও বাড়িয়েছে।
সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগারদের উন্নতির গ্রাফটা নিম্নমুখী। র্যাংকিয়েও যার প্রমাণ মেলে, ওয়ানডে র্যাংকিংয়ে ৬ থেকে টাইগাররা নেমে গেছে ১০ নম্বরে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মিরাজের কণ্ঠে। জানান, আমাদের দলে সিনিয়র ক্রিকেটাররা অবসরে। এই জন্য আমাদের সময়টা খারাপ যাচ্ছে। তবে, সেটি দীর্ঘয়িত হবে না। আমরা আবারো সেরা সময়টা ফিরে পাবো।
যদিও শ্রীলংকার মাটি মিরাজদের পক্ষে কথা বলছে না। প্রেমাদাসায় লংকানদের বিপক্ষে জয়ের মুখ দেখা হয়নি। তবে ঘরের মাঠে সিরিজ থেকেই অনুপ্রেরণা খুঁজছেন নতুন ক্যাপ্টেন।
মাঠে উত্তাপ ছড়ালেও মাঠের বাইরে বাংলাদেশ- শ্রীলংকার সম্পর্কটা বন্ধু সুলভ। এমনটাই জানিয়েছেন চারিথ আসালাংকা। ক্রিকেটীয় দ্বন্দ্বও উপভোগ করেন লংকান ক্যাপ্টেন। এসময় তিনি বলেন, আমি মনে করি আমরা ভালো বন্ধু। কিন্তু ক্রিকেট খেলতে গেলে তা প্রতিদ্বন্দ্বিতার মতো মনে হয়। সবাই ঠিক এ রকম ম্যাচই দেখতে চায়, এ রকম উত্তাপ। তবে দিন শেষে আমরা ভালো বন্ধু।
লংকানদের বিপক্ষে টাইগাররা গর্জে উঠবে, অতীত ভুলে প্রেমাদাসার মিশনে ঘুরে দাঁড়াবে- এমনটাই প্রত্যাশা ভক্তদের।