গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের মধ্যেই ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের সামরিক সমর্থন জোরদার করার এই সিদ্ধান্ত গাজায় ২১ মাস ধরে চলা হামলার প্রেক্ষাপটে এলো।
এই চুক্তির আওতায় ইসরায়েলকে ৭ হাজারেরও বেশি ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন’ নির্দেশিকা কিট, ৩,৮৪৫টি BLU-109 বোমা বডির জন্য KMU-558B/B কিট এবং ৩,২৮০টি MK-82 বোমা বডির জন্য KMU-572 F/B কিট সরবরাহ করা হবে। এছাড়া চুক্তিতে প্রযুক্তিগত সহায়তা, প্রকৌশল সহায়তা এবং অন্যান্য সরবরাহ সেবাও অন্তর্ভুক্ত আছে।
মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সামরিক সক্ষমতা বজায় রাখতে এবং শক্তিশালী করতে এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটি ‘জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
চুক্তিটি বিদেশি সামরিক বিক্রয় কর্মসূচির মাধ্যমে অনুমোদিত হয়েছে এবং গেল সোমবার আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বোয়িং এই চুক্তির প্রাথমিক ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।