প্রায় ১০ বছর আগের বহুল আলোচিত ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি’র কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল এবং তামজিদ আহমেদ ওরফে রুবেল।
এ মামলায় সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ না হওয়ায় বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, কাইয়ুমের ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেলকে খালাস দিয়েছেন আদালত।
কী ঘটেছিল সেই রাতে
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ৯০ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে গভর্নর হাউজের দক্ষিণের দেয়াল ঘেঁষা ফুটপাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাবেলা সিজার। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দার বিক গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে কী উঠে আসে
২০১৬ সালের ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপি নেতা কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। চার্জশিটে বলা হয়, ‘দেশ-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একজন শ্বেতাঙ্গকে হত্যা’ই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।
তদন্তে জানা যায়, আসামিদের মধ্যে তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল, মতিন ও শাখাওয়াত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কাইয়ুম ও সোহেল এখনো পলাতক। মতিন জামিনে আছেন এবং বাকি চার আসামি কারাগারে রয়েছেন।
২০১৫ সালের এই হত্যাকাণ্ড তখন দেশ-বিদেশে তুমুল আলোচনার জন্ম দেয় এবং বাংলাদেশের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে।