রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে যুবদলের নেতা মনির হোসেনের নেতৃত্বে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা চালিয়েছেন যুবদলের একদল নেতা-কর্মী। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে আসার সময় এক ব্যক্তি তার পথ রোধ করে আঘাত করেন, এতে তিনি মেঝেতে পড়ে যান। তার পেছনে আরেক নারীও দৌড়ানোর চেষ্টা করলে কয়েকজন তাকে টেনে ফেলে দেয় এবং পরে দুই নারীকে একসঙ্গে মারধর করা হয়।
ভিডিওতে অন্তত ৮ থেকে ১০ জনকে দেখা যায়, যারা হামলার সময় দুই নারীর চিৎকারের মধ্যেই তাদের আক্রমণ চালিয়ে যায়। সেই সময় হোটেলের ভেতর ভাঙচুরের শব্দও শোনা যায়।
ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানিয়েছেন, এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বুধবার রাতেই মনিরসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে এবং রাজনৈতিক মহলসহ নানা মহল থেকে মনির হোসেনকে গ্রেপ্তারের দাবি ওঠে। সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে যুবদলের পক্ষ থেকে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং সব নেতা–কর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, মামলার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।