পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ছবিঃ সংগৃহীত
ঢাকা, ১৬ জুলাই-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে টানটান উত্তেজনার মধ্যে পরপর দুটি হামলার ঘটনা ঘটেছে। সকালে প্রথমে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। আহতরা হলেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি বলেন, “এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ঘটনার কিছু সময় পর সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেন। ইউএনওর গাড়িবহর সেখানে পৌঁছালে তারা হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, “জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা চালায়।”
পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে শহর ও আশপাশের এলাকায় মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।