রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরের মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়, যা চরম দুর্ভোগে ফেলে সাধারণ মানুষকে। ছবিঃ আজকের পত্রিকা
মেলবোর্ন, ১৭ জুলাই-
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রায়’ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর হামলার প্রতিবাদে গতকাল বুধবার সারা দেশে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি। এতে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরের মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়, যা চরম দুর্ভোগে ফেলে সাধারণ মানুষকে।
ঢাকার শাহবাগ, রামপুরা, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকায় এনসিপি ও ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। শাহবাগে এক ঘণ্টার অবস্থান শেষে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্লকেড তুলে নেন।
চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সিলেট, রাজশাহী, নওগাঁ, যশোর, বাগেরহাট, বরগুনা, ভোলা ও ঝালকাঠিসহ দেশের প্রায় প্রতিটি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রামের ২ নম্বর গেট মোড়ে, কক্সবাজারের লিংক রোড ও ঈদগাঁও, নোয়াখালীর মাইজদী, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফরিদপুরে খুলনা-ঢাকা এক্সপ্রেসওয়ে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়, রাজবাড়ীতে মহাসড়কে, কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এবং সিলেটের চৌহাট্টা ও চণ্ডীপুল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
এই কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠন। নেতারা জানিয়েছেন, জনগণের ভোগান্তির কথা বিবেচনায় এনে অনেক জায়গায় নির্ধারিত সময়ের আগেই ব্লকেড তুলে নেওয়া হয়। তবে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।
বিক্ষোভ সমাবেশগুলোতে হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন নেতারা। অনেকে বলেছেন, গোপালগঞ্জের পরিণতি ধানমন্ডি ৩২-এর মতো হবে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়। পুলিশের নিষ্ক্রিয়তা এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রায় প্রতিটি বড় শহরেই দিনভর সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মহাসড়ক ও শহরের মূল সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ, রোগী পরিবহন এবং দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
আজ বৃহস্পতিবারও এনসিপি দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে তৎপর দেখা গেলেও, আন্দোলনকারীদের ক্ষোভ ও প্রতিবাদ ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে।
সুত্রঃ আজকের পত্রিকা