লিড নিউজ

ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই নৌকাডুবি, অর্ধশতাধিক মরদেহ উদ্ধার

  • 7:51 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
স্থানীয় প্রশাসন নিহতদের দাফনের প্রস্তুতি নিচ্ছে। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ৪ আগষ্ট- মধ্যপ্রাচ্যের সংঘাতপীড়িত দেশ ইয়েমেনের উপকূলে আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে যায়। এতে এখন পর্যন্ত অন্তত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন, যাঁদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক।

আবিয়ান প্রদেশের রাজধানী জাঞ্জিবারের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের অঞ্চল থেকে মরদেহগুলো সংগ্রহ করেছে। জীবিত উদ্ধার করা ১২ জনকে স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অনেকেই শারীরিকভাবে গুরুতর অসুস্থ। জীবিতদের ভাষ্যমতে, ঝোড়ো আবহাওয়ার মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং নৌকাটি প্রচণ্ড ঢেউয়ের আঘাতে উল্টে যায়।

স্থানীয় প্রশাসন নিহতদের দাফনের প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, হর্ন অব আফ্রিকা অঞ্চলের দরিদ্র ও সংঘাতবিধ্বস্ত দেশ—বিশেষ করে ইথিওপিয়া ও সোমালিয়ার হাজারো মানুষ প্রতিবছর ইয়েমেন হয়ে সৌদি আরবসহ উপসাগরীয় উন্নত দেশগুলোর দিকে পাড়ি জমাতে চায়। এ পথে পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীরা আন্তর্জাতিক পাচারচক্রের খপ্পরে পড়েন। অল্প খরচে, অত্যন্ত অনিরাপদ, গাদাগাদি নৌকায় করে তারা লোহিত সাগর বা এডেন উপসাগর পেরোনোর চেষ্টা করে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার নৌপথ বিশ্বে অন্যতম ব্যস্ত ও বিপজ্জনক। ২০১৪ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করেছে। এরপর ২০২২ সালের একটি যুদ্ধবিরতির মাধ্যমে সহিংসতা কিছুটা কমলেও মানবিক সংকটের তীব্রতা দূর হয়নি।

শুধু আফ্রিকা থেকেই নয়, ২০১৪ সালের পর থেকে ইয়েমেনের নিজস্ব নাগরিকদের মধ্যেও শরণার্থী হয়ে দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা বেড়েছে। একদিকে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয়, খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ জীবন বাঁচাতে দেশ ছেড়েছে। অনেকেই আশ্রয়ের আশায় ইউরোপে পৌঁছাতে চাইলেও অধিকাংশই আটকে পড়েন মধ্যপ্রাচ্যেই।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহায়তা না থাকলে এসব বিপজ্জনক যাত্রা বন্ধ করা কঠিন হবে। বিশেষ করে মানবপাচার চক্র দমন এবং নিরাপদ অভিবাসনের পথ সুগম না করা গেলে প্রতিবছরই এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা বৃদ্ধি ও যৌথভাবে সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au