বিশ্ব

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

  • 9:05 pm - October 24, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার। ছবি: সংগৃহীত

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির বিভিন্ন শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে রাজধানী প্যারিসসহ বেশ কয়েকটি শহরে আরোপ করা হয়েছে জনসমাগম ও গণপরিবহন চলাচলে বিধিনিষেধ।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিক্ষোভ পরিস্থিতি নিয়ে শুক্রবার শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিরক্ষা পরিষদের সঙ্গে বৈঠকের কথা ছিল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও তাঁর আলোচনার পরিকল্পনা ছিল। বৈঠক শেষে পরিস্থিতি মোকাবিলায় আরও কিছু সিদ্ধান্ত ঘোষণা করার কথা জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।

চলমান অস্থিরতার জন্য উগ্র বামপন্থী ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন ম্যাক্রোঁ।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, শনিবারের বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহের শনিবারের তুলনায় এ সংখ্যা প্রায় ১০ হাজার বেশি। নিরাপত্তা কার্যক্রমে পুলিশের বিশেষায়িত ইউনিট, অশ্বারোহী পুলিশ, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান ও জলকামানও ব্যবহার করা হবে।

উগ্র বামপন্থী গোষ্ঠীগুলো অনলাইনে সরকারি ভবনগুলোকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানাচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দাঙ্গা, লুটপাট ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।

নুনেজ আরও বলেন, সরকার কোনো শান্তিপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ বিক্ষোভের পরিস্থিতি মোকাবিলা করছে না। তাই নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতা বজায় রাখা হবে। গত সপ্তাহে কিছু স্পর্শকাতর এলাকায় যে কারফিউ জারি করা হয়েছিল, তা বহাল থাকবে বলেও জানান তিনি।

শ্রমিক ইউনিয়নের বিক্ষোভে অনুমতি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা দেন, শনিবার কেবল শ্রমিক ইউনিয়নগুলোর বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় আন্দোলনরত অন্যান্য গোষ্ঠীও তাদের সঙ্গে যুক্ত হয়েছে।

গত শনিবার ফ্রান্সজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে কর্মসূচির একপর্যায়ে বিভিন্ন স্থানে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে।

রাজধানী প্যারিসে রাতের কারফিউ সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর লিওঁর কেন্দ্রীয় এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। শনিবারের জন্য সেখানে কারফিউ ও গণপরিবহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উপকূলীয় শহর মার্সেইতে বিক্ষোভ নিষিদ্ধ করা হলেও শুক্রবার কর্তৃপক্ষ জানায়, বিশেষ বিবেচনায় সেখানে শ্রমিক ইউনিয়নের একটি মিছিলের অনুমতি দেওয়া হবে।

এদিকে শুক্রবার প্রথমবারের মতো হাইস্কুল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। ‘হাইস্কুল রিনিউয়াল’ নামের একটি শিক্ষার্থী সংগঠনের সভাপতি নাথানায়েল কম্বারি জানান, প্রেসিডেন্ট তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তবে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত আলোচনায় শিক্ষার্থীরা সুনির্দিষ্ট প্রস্তাবের অপেক্ষায় রয়েছে।

বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করে কম্বারি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে তাঁরা সন্তুষ্ট নন। একই সঙ্গে শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার এবং আন্দোলনের পরিকল্পনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের বিরুদ্ধে বিক্ষোভের স্বাধীনতা খর্বের অভিযোগ

সরকারের বিধিনিষেধের প্রতিবাদে ফ্রান্সের জাতীয় ছাত্র ইউনিয়ন ইউএনইএফ শনিবার সমাবেশের ডাক দিয়েছে। একই দিনে ২০১৮ সালে আত্মপ্রকাশ করা সরকারবিরোধী আন্দোলন ‘ইয়েলো ভেস্ট’-এর সমর্থকেরাও প্যারিসের কেন্দ্রস্থলে পদযাত্রার পরিকল্পনা করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে পুলিশ শ্রমিক ইউনিয়নগুলোকে নির্দিষ্ট ও সীমিত পথে বিক্ষোভের অনুমতি দিয়েছে। অন্যদিকে ইউএনইএফ ও ইয়েলো ভেস্ট আন্দোলনের আয়োজকদের সমাবেশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে ইউএনইএফ জানিয়েছে, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।

এদিকে রাজধানীর দক্ষিণে অরলিয়ঁ শহরে বিরোধীদলীয় নেত্রী মেরিন ল্য পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এর প্রতিবাদে সেখানে ২০ হাজার থেকে ৩০ হাজার মানুষ বিক্ষোভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে এ ধরনের জমায়েত করতে দেওয়া হবে না।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারের সাম্প্রতিক বিধিনিষেধের সমালোচনা করে বলেছে, এসব পদক্ষেপ কর্তৃত্ববাদী প্রবণতার দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত দিতে পারে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে।

অন্যদিকে, ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্রের আঘাতে শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

ফরাসি শ্রমিক সংগঠন ডেমোক্রেটিক কনফেডারেশন অব লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মারিলিস লিওঁর মতে, জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ বিবেচনায় না নিয়ে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে।

ইউএনইএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ম্যাক্রোঁ সরকার দেশে বিক্ষোভের স্বাধীনতা খর্ব করছে এবং প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষার যে দাবি সরকার করে, এসব পদক্ষেপ তার সঙ্গে সাংঘর্ষিক।

বন্ধ থাকবে দোকানপাট ও দর্শনীয় স্থান

সম্ভাব্য সহিংসতা এড়াতে ফ্রান্সের প্রধান শহরগুলোতে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। শনিবার প্যারিসের ল্যুভর জাদুঘর ও লুই ভুইতোঁ ফাউন্ডেশন বন্ধ থাকবে। এ ছাড়া প্যারিসে আয়োজিত আর্ট বাসেল মেলা নির্ধারিত সময়ের দুই দিন আগে, শুক্রবারই শেষ হচ্ছে।

ফরাসি বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবারের সহিংসতার পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au