বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২২ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সময়ে তিনি হামাসের সঙ্গে আলোচনাও পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন, যার মূল লক্ষ্য অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান।
বৃহস্পতিবার গাজার নিকটে মোতায়েন সেনাদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, তিনি এখনো গাজা সিটি দখলে দৃঢ় প্রতিজ্ঞ। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হবে এবং ঘরবাড়ি ধ্বংসের অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, “আমাদের সব জিম্মিকে মুক্ত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে অবিলম্বে আলোচনার নির্দেশ দিয়েছি।”
তিনি জানান, ইসরায়েল এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী কয়েক দিনের মধ্যেই গাজা সিটিতে বড় আকারের সামরিক অভিযান শুরু হতে পারে।
গত দশ দিনে গাজা শহরে ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রযাত্রা তীব্র হওয়ায় হাজারো ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে, হামাস জানিয়েছে তারা কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েল যদি তা গ্রহণ করে, তবে আসন্ন হামলা এড়ানো সম্ভব হতে পারে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আরও ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা করেছে এবং বর্তমানে মোতায়েন থাকা অতিরিক্ত ২০ হাজার সেনার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, কারণ গাজা শহরে অভিযান শুরু হলে ফিলিস্তিনি বেসামরিক জনগণের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা বাড়ছে।
সুত্রঃ আল জাজিরা