মেলবোর্ন, ২৩ আগষ্ট- ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলায় মুঠোফোন কেড়ে নেওয়ায় পাবজি গেম খেলতে না পেরে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তারা জানান, মৃত ছাত্রের নাম বেটি রিশেন্দ্র। সে দশম শ্রেণিতে পড়ত এবং দিনে ১০ ঘণ্টার বেশি সময় জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলত। এমনকি পড়াশোনা ও স্কুলে যাওয়া নিয়েও তার অনীহা ছিল, কারণ পড়াশোনা নাকি তাকে গেম খেলার সময় থেকে বঞ্চিত করত।
পরিবার জানায়, আসক্তি থেকে মুক্ত করতে রিশেন্দ্রকে মনোবিদ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়েছিল। কিন্তু সে চিকিৎসকের পরামর্শও মানেনি, বরং চিকিৎসককেও হুমকি দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিন দিন আগে মা–বাবা তার ফোন কেড়ে নেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পাবজি আসক্তি নিয়ে এর আগেও নানা ঘটনা ঘটেছে ভারতে। চলতি বছরের শুরুতে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় রেললাইনে বসে পাবজি খেলতে গিয়ে হেডফোন পরা অবস্থায় তিন কিশোর ট্রেনে কাটা পড়ে মারা যায়।
আরেক ঘটনায় হায়দরাবাদে এক ট্যাক্সিচালক গাড়ি চালানোর সময় মোবাইলে পাবজি খেলতে গিয়ে বিতর্কের জন্ম দেন। গাড়ির পেছনে বসা এক যাত্রী ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ফুটেজে দেখা যায়, কখনো এক হাতে গাড়ি চালাচ্ছেন, কখনো আবার দুই হাতেই গেম খেলছেন। ফলে রাস্তার দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছিল তার।
সুত্রঃ এনডিটিভে