ক্রিকেট বোর্ডে সভাপতি হতে তামিমের দৌড়ঝাপ৷ ছবি: সংগৃহীত
মেলবোর্ন ১ সেপ্টেম্বর-আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই৷ আগামী অক্টোবরে বিসিবির পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময়। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন তামিম।
তামিমের বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে গুঞ্জন ছিল আগে থেকেই। এবার তামিমের মুখ থেকেই এল নির্বাচন করার ঘোষণা। তামিম বলেছেন, ‘যদি জিজ্ঞেস করেন বিসিবি নির্বাচনে অংশ নেব কি না, এটা বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি।
এছাড়া তামিম আরও বলেছেন, অনেক মানুষকে আমি নির্বাচনের আগে বলতে শুনি এটা করে ফেলব, ওটা করে ফেলব। শেষ পর্যন্ত কিছুই হয় না। আমি মনে করি, আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের অনেক দারুণ অর্জনের সাক্ষী তামিম ইকবাল। তামিমের রানে, চারে, ছক্কা, সেঞ্চুরিতে এসেছে বহু স্মরণীয় জয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন ধরেই। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তামিম। ফরচুন বরিশালের হয়ে জিতেছেন বিপিএলের টানা দুই শিরোপাও।
আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়া তামিমের ক্যারিয়ারে নতুন মোড়ও হতে পারে। বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হলে পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি হওয়ার সুযোগও থাকবে তামিমের সামনে।