শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি
মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ। রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পের বিষয়ে সোমবার (১ সেপ্টেম্বর) আল জাজিরা ও আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক আরটিএ খবর দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর পরপরই অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকা। সীমান্তবর্তী এই পাহাড়ি অঞ্চলে দুর্বল কাঠামোর ঘরবাড়ি ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। তালেবান সরকারের কর্মকর্তারা বলছেন, গভীর রাতে ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন।
আহতদের নানগারহার আঞ্চলিক হাসপাতালে নেওয়া হলেও, প্রবল বন্যা ও ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যাহত থাকায় উদ্ধারকাজ চালাতে হচ্ছে আকাশপথে। তালেবান প্রশাসন জানিয়েছে, সরঞ্জাম ও জনবল পর্যাপ্ত না থাকায় আন্তর্জাতিক সহায়তা জরুরি।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের বড় ক্ষতি হয়েছে। তিনি জানান, জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কাছেও সহায়তা চাওয়া হয়েছে।
কাবুল থেকেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।
ভূমিকম্পপ্রবণ আফগানিস্তানে গত তিন দশকে এ ধরনের ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অতীতের ভয়াবহ ঘটনাগুলোও ছাড়িয়ে যেতে পারে, কারণ দুর্গম এলাকায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au