২০০২ সালে বাগরাম বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতি। ছবি: এএফপি
মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি আবার দখল করতে চান তিনি। লন্ডনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা ওই ঘাঁটিটা ফের চাই।’ তাঁর দাবি, বাগরামের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থানের কাছ থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে।
দুই দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। সেখানে ফাস্টফুডের দোকান থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা ছিল। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়ার সময় ঘাঁটিটি খালি করে দেয়।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, বাগরাম ফের দখল করতে গেলে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিতে হবে। তাঁদের মতে, অন্তত ১০ হাজার সেনা মোতায়েন ও উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা ছাড়া এটি সম্ভব নয়। এক কর্মকর্তা বলেন, ‘আমি কোনো উপায় দেখছি না যে, এটা বাস্তবে কীভাবে সম্ভব হবে।’
বিশেষজ্ঞদের মতে, ঘাঁটি পুনর্দখল করতে হলে ইসলামিক স্টেট, আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হুমকি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও তৈরি হতে পারে। এক সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমার মনে হয় ওখানে থাকার বিশেষ কোনো সামরিক সুবিধা নেই। বরং ঝুঁকিই বেশি।’
ট্রাম্প আগেও অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেন বাগরাম ঘাঁটি ছেড়ে দিয়েছেন। তবে সমালোচকরা মনে করিয়ে দেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের তালেবান চুক্তিতেই আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের কথা উল্লেখ ছিল।
এদিকে কাবুলে আটক মার্কিন নাগরিকদের মুক্তি নিয়ে কূটনৈতিক আলাপও চলছে। আলোচনায় অংশ নিয়েছেন ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ দূত জালমায় খলিলজাদ, বিশেষ জিম্মি দূত অ্যাডাম বোয়লার এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
সূত্র: রয়টার্স