অস্ট্রেলিয়া

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

  • 8:13 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
পার্থে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে যুবকের বিরুদ্ধে নতুন মামলা, জানাল এএফপি। ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

অস্ট্রেলিয়ার পার্থে সামরিক প্রশিক্ষণ ও বিস্ফোরক তৈরির বিষয়ে তথ্য অনুসন্ধান এবং হামলার কৌশল নিয়ে আলোচনার অভিযোগে লুকাস শন ক্যামেরন নামের ওই যুবককে শুক্রবার পার্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে উপস্থিত হন তিনি।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত এক মাসের মধ্যে ক্যামেরন একটি দা সংগ্রহ করেন। একই সময়ে তিনি অনলাইনে বিভিন্ন তথ্য অনুসন্ধান করেন এবং হামলার পদ্ধতি নিয়ে অন্যদের সঙ্গে কথোপকথনে যুক্ত হন। এ ছাড়া তিনি বিস্ফোরক তৈরির নির্দেশিকাও সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

২২ বছর বয়সী ক্যামেরন আদালতে অভিযোগটি বুঝতে পেরেছেন বলে নিশ্চিত করেন। তবে এ পর্যায়ে তাকে অভিযোগের বিষয়ে কোনো জবাব বা আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে হয়নি।

নতুন অভিযোগ গঠনের পর তার বিরুদ্ধে আগে আনা সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট নথি সংগ্রহ ও নিজের কাছে রাখার তিনটি অভিযোগ প্রত্যাহার করে নেন কৌঁসুলিরা। ওই তিনটি অভিযোগে ক্যামেরন নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

নতুন অভিযোগে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তী শুনানির জন্য আগামী ১১ নভেম্বর স্টার্লিং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার নির্দেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, সন্ত্রাসী হামলার পরিকল্পনার অংশ হিসেবে ক্যামেরন একটি মেসেজিং প্ল্যাটফর্মে বিস্ফোরক ডিভাইস, সামরিক ও কৌশলগত প্রশিক্ষণ, অস্ত্র তৈরি, যুদ্ধকৌশল এবং জাল নথি সংগ্রহের বিষয়ে সহায়তা চেয়েছিলেন।

এর আগে গত ডিসেম্বরে পার্থের উত্তরাঞ্চলীয় ওয়েস্টমিনস্টার এলাকার একটি বাড়িতে তল্লাশি পরোয়ানা কার্যকর করে সন্ত্রাসবিরোধী পুলিশ। ওই অভিযানের পর ক্যামেরনকে প্রথম গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়।

তদন্তকারীদের দাবি, অভিযানে জব্দ করা একটি ইলেকট্রনিক ডিভাইসে সহিংস উগ্রবাদী বিষয়বস্তু পাওয়া গেছে।

এ ছাড়া যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহিংস উগ্রবাদী বিষয়বস্তু সংগ্রহ বা নিজের নিয়ন্ত্রণে রাখা এবং ওই মাধ্যম ব্যবহার করে এ ধরনের বিষয়বস্তু দেখার অভিযোগেও ক্যামেরনের বিরুদ্ধে মামলা রয়েছে। এই দুটি অভিযোগে তিনি আগে দোষ স্বীকারের ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…

নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!

ঢাকাই সিনেমায় একই নামে একাধিক চলচ্চিত্র নির্মাণের ঘটনা নতুন নয়। কখনো পুরোনো কোনো চলচ্চিত্রের নাম ধরে নতুন গল্প তৈরি হয়েছে, আবার কখনো একই নামের চলচ্চিত্রে…

হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ঘটনায় আলোচনায় আসা সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যু ঘিরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au