মেলবোর্ন , ২৩ সেপ্টেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর ২০২৫।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের জরুরি সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু, আবাসিক হল ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়।
এর প্রধান কারণ হিসেবে বলা হয়:
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন—
“আমরা সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, নতুন তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে শাটডাউন কর্মসূচি ও অনুকূল পরিবেশের অভাবে ভোট পেছানোয় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।