আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনপি–সমর্থিত এক কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগও উঠেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে বের হওয়ার সময় মিজানুর তাঁর দিকে ডিম ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই সময় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি–সমর্থিত একজন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, মিজানুর রহমান তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিলেন। অভিযোগের পর নিউইয়র্ক পুলিশ তাঁকে আটক করে।
বিক্ষোভ শেষে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা–কর্মীরা আনন্দ উদ্যাপন করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে। আটক হওয়ার পর তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতা–কর্মীরাও একই স্লোগান তোলেন।
এনওয়াইপিডি সূত্র জানিয়েছে, মিজানুর রহমানকে মঙ্গলবার আদালতে তোলা হবে। এর আগে তাঁকে রাতভর হাজতে থাকতে হবে।