মেলবোর্ন ১০ নভেম্বর-নিষেধাজ্ঞা কাটিয়ে যেই মোহাম্মদ আমির বিপিএলের মাধ্যমে নিজের ক্রিকেট ক্যারিয়ার পুনরায় উজ্জবিত করেছিলেন সেই আমির বহুবছর পর আবারও খেলতে যাচ্ছেন বিপিএলে। খেলবেন সিলেট টাইটান্সে। সাথে খেলবেন ইনল্যান্ডের মইন আলিও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম ঘিরে ক্রিকেটপাড়ায় ইতিমধ্যে জমে উঠেছে উত্তেজনা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ব্যস্ত দল গোছাতে, তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখন নতুন নামে মাঠে নামতে যাওয়া সিলেট টাইটান্স। নতুন পরিচয়ে নতুন করে শুরু, আর সেই শুরুতেই যেন চমকে দিয়েছে তারা। একসঙ্গে চার তারকা বিদেশি ক্রিকেটারকে দলে টেনে সিলেট জানিয়েছে, তারা এবার আসছে বড় স্বপ্ন নিয়ে।
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে নিয়েছে পাকিস্তানের সাবেক গতিতারকা মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মঈন আলী এবং আফগানিস্তানের প্রতিভাবান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। চার ভিন্ন দেশের এই চার তারকাকে নিয়ে সিলেটের স্কোয়াডে এসেছে এক অন্য রকম ভারসাম্য। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা আগেই চুক্তিবদ্ধ করেছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। অধিনায়কত্বের দায়িত্বও দেয়া হয়েছে মিরাজের হাতে, যিনি সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে নেতৃত্বগুণের নতুন উদাহরণ তৈরি করেছেন।
তাদের কোচিং প্যানেলও কম শক্তিশালী নয়। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ও সফল সোহেল ইসলাম। ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বিপিএলের সফল অধিনায়ক ইমরুল কায়েস। পেস বোলিং কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার সৈয়দ রাসেল। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টে এসেছে অভিজ্ঞতা, কৌশল আর নতুন ভাবনার মিশ্রণ।
এর আগে গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে বিসিবি চূড়ান্ত করেছে পাঁচ দলের মালিকানা। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের দায়িত্ব, সিলেটের মালিকানা গেছে ক্রিকেট উইথ সামির হাতে। চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর দায়িত্ব নিয়েছে নাবিল গ্রুপ আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস কনসোর্টিয়াম।
বিসিবির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি দল দুজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নিতে পারে। সেই নিয়মে ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, রংপুরে গেছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম নিয়েছে শেখ মাহেদী ও তানভীর ইসলামকে, রাজশাহী বেছে নিয়েছে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে। আর সিলেট টাইটান্স তাদের যাত্রা শুরু করেছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে যারা এখন সিলেটের সবচেয়ে বড় ভরসা।