বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের জরুরি বৈঠক। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৩ নভেম্বর- জাতীয় পার্টির (আহা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রচার নির্বিঘ্ন করা এবং সমান সুযোগের পরিবেশ তৈরির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার অভাবে তাঁরা আশাহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টার ভাষণ শুরু হলে নেতারা সভা স্থগিত করে ভাষণ শোনেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “সাধারণ মানুষ আশা করেছিল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেবেন। কিন্তু ভাষণে তেমন কোনো রূপরেখা পাওয়া যায়নি।”
তিনি অভিযোগ করেন, জুলাই–আগস্টের ঘটনায় যেসব রাজনৈতিক নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” দায়ের করা হয়েছে, সেগুলো প্রত্যাহারের বিষয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। তাঁর মতে, এসব মামলা প্রত্যাহারই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার অন্যতম শর্ত।
বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “জাতীয় পার্টি সবসময়ই নির্বাচনের পক্ষে। আমরা বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হতে হবে। তবে সেই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে। যদি তা না হয়, তাহলে নির্বাচনের পর গঠিত সংসদ টেকসই হবে না।”
তিনি আরও বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে হবে এবং বড় রাজনৈতিক দলগুলোকেও উদারতা দেখাতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা, মাসরুর মওলা, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা ও মো. বেলাল হোসেন।