প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবসে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৫৭ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।
এর আগে ভোর ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন। সোমবার সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকসজ্জায় ঝলমলিয়ে ওঠে গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও স্থাপনা। বিজয় দিবসের আনন্দঘন এই আলোকচ্ছটা নগরবাসীর মাঝে উৎসবের আবহ তৈরি করেছে।
রাষ্ট্রীয় পর্যায়ের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছে।