বাংলাদেশ

পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস

চট্টগ্রাম বন্দরে আটকে আছে ১০ কনটেইনার, প্রায় ২১ কোটি টাকার রাজস্ব ফাঁকির আশঙ্কা

  • 12:31 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস।

পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ জন্য চট্টগ্রাম বন্দরে আটকে রাখা ১০টি কনটেইনার থেকে নমুনা সংগ্রহ করে দেশের বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

কাস্টমস কর্মকর্তাদের সন্দেহের সূত্রপাত তামাকের প্রাথমিক পরীক্ষাকে কেন্দ্র করে। তাঁদের ভাষ্য, সাধারণভাবে আগুন দিয়ে পরীক্ষা করার সময় তামাকপাতায় সহজে আগুন ধরেনি। এ কারণে এর সঙ্গে দৃশ্যমান নয়, এমন কোনো পদার্থ মেশানো হয়েছে কি না, তা নিশ্চিত হতে বিস্তারিত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ। তিনি বলেন, প্রতিটি কনটেইনার থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন ও তদন্তে অবৈধ কিছু পাওয়া গেলে আমদানিকারকের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বন্ড সুবিধায় আমদানি, খালাসের আগেই আটক

কুষ্টিয়ার গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড বন্ড সুবিধায় পাকিস্তান থেকে ১০ কনটেইনার কাঁচা তামাক আমদানি করে। বাণিজ্যিক নথিতে দুবাইয়ের টেট্রা ট্রেড এফজেডসিও এবং পাকিস্তানের আলী লিফ ট্রেডার্সের নাম রয়েছে। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের ইসলাম অ্যান্ড সন্স।

গত ১৯ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন ২০ অক্টোবর সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। তবে শুল্কায়ন ও খালাসের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটকে দেয় কাস্টমস গোয়েন্দা বিভাগ।

এর আগে গ্লোবাল লিফ টোব্যাকোর কুষ্টিয়ার কারখানায় অভিযান চালিয়ে বন্ড সুবিধার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়ার কথা জানিয়েছিলেন ভ্যাট কর্মকর্তারা। পরে প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়।

আমদানি মূল্য নিয়ে প্রশ্ন, রাজস্ব ফাঁকির আশঙ্কা

তামাকের আমদানি মূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন কাস্টমস গোয়েন্দারা। চালানটিতে প্রতি কেজি তামাকের মূল্য ঘোষণা করা হয়েছে ১ দশমিক ৪৫ ডলার। কাস্টমস গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, পণ্যের মূল্য কম দেখানোর মাধ্যমে প্রায় ২১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। ঘোষিত মূল্যের অস্বাভাবিকতার সঙ্গে বাণিজ্যভিত্তিক অর্থ পাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

কাস্টমস গোয়েন্দাদের দাবি, আটকে রাখা প্রায় ১৫০ টন তামাক দিয়ে ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা। তাঁদের আশঙ্কা, বন্ড সুবিধার অপব্যবহার করে তামাক খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারত। পাশাপাশি বৈধ সিগারেট প্রস্তুতকারকেরাও অসম প্রতিযোগিতার মুখে পড়তেন।

অভিযোগ অস্বীকার আমদানিকারক প্রতিষ্ঠানের

অনিয়মের অভিযোগ ওঠার পর ১০ কনটেইনার তামাকের খালাস বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির বন্ড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত এবং প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিচারাধীন। শুনানি ও আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চালানটি খালাসের সুযোগ নেই বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্টের অতীত কার্যক্রমও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তাঁরা।

তবে কাস্টমস গোয়েন্দাদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন পরিচালক প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী। প্রাপ্যতা অনুযায়ী কাঁচামাল আমদানি করা হয় এবং আমদানি করা দামের দ্বিগুণ বা তিন গুণ দামে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করা হয়। এতে পণ্যের মূল্য সংযোজন হয় বলেও দাবি করেন তিনি।

তামাকপাতায় সহজে আগুন না ধরার বিষয়ে ওই পরিচালক বলেন, কাঁচা তামাকে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সহজে আগুন ধরার কথা নয়। তিনি জানান, কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর বা অন্য যেকোনো সংস্থা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত করলে তাঁদের প্রতিষ্ঠান সহযোগিতা করবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি গত অর্থবছরে ১ কোটি ৩ লাখ ডলারের তামাক রপ্তানি করেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটি প্রতি কেজি তামাক গড়ে ৩ ডলার ৬০ সেন্ট দরে রপ্তানি করেছে। বিশ্বের ৯টি দেশে তাদের তামাক রপ্তানি হয়।

এখন পরীক্ষাগারের প্রতিবেদন ও চলমান তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে আমদানি করা তামাকে ক্ষতিকর কোনো পদার্থ রয়েছে কি না এবং বন্ড সুবিধার অপব্যবহার বা রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে।

এই শাখার আরও খবর

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

খুনিরা আগে থেকেই পিছু নিয়েছিল, আঁচ করতে পেরেছিলেন তাওসিফ নিজেও

ওটিএন বাংলা রিপোর্ট : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সাউরি কি আগে থেকেই কোনো বিপদের আশঙ্কা করছিলেন? মৃত্যুর আগে মাঝেমধ্যে বাবাকে নিজের জীবন…

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au