এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (৩১ অক্টোবর) দিল্লির…
মেলবোর্ন, ৪ জানুয়ারি- শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরপরই হবিগঞ্জ সদর থানাকে ঘিরে বিক্ষোভে নামে সংগঠনটির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাধই গ্রামের বাসিন্দা এবং মাওলানা আবু তয়বের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসির সঙ্গে বাক্বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। পরে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’, এমন মন্তব্য করে ওসিকে উদ্দেশ করে কড়া ভাষায় হুমকি দেন।
গ্রেপ্তারের খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। থানার প্রধান ফটক বন্ধ থাকায় তারা গেটের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং উচ্চস্বরে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।
এদিকে, ঘটনার আগেই মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। শনিবার দুপুরে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় দেওয়া মাহদী হাসানের বক্তব্য সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। ছবি : কালবেলা
নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে জবাব চাওয়া হয়। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জানান, থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে ঘিরে হবিগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au