বাংলাদেশ

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

  • 11:13 pm - October 31, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার
বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের ট্রানজিট করিডর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন না হলে নতুন করে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের ট্রানজিট করিডর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি ন্যায্য শর্তে নবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ঢাকায় এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ। সমাবেশে তাঁর কয়েক শ সমর্থক অংশ নেন।

মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নাহিদ ইসলাম বলেন, “জাপান আবারও বাংলাদেশের মধ্য দিয়ে একটি করিডর তৈরির চেষ্টা করছে। সরকার সেই অবৈধ করিডর ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণ এ ধরনের কোনো অবৈধ করিডর মেনে নেবে না।”

গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দুই দেশ বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় (বিগ-বি) উদ্যোগকে নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করতে সম্মত হয়। যোগাযোগব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা, ভূরাজনৈতিক ঝুঁকি, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতাকে এ কাঠামোর অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়।

এ ছাড়া বাংলাদেশকে কেন্দ্র করে বঙ্গোপসাগরীয় অঞ্চলকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতেও দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।

অন্যদিকে, জাপানের উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহায়তা করছে জাপান। এর আগে জাপানের কর্মকর্তারা এ বন্দরকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁদের পরিকল্পনায় বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্প ও বাণিজ্যিক সংযোগ প্রতিষ্ঠার বিষয়টি রয়েছে।

তবে প্রধানমন্ত্রীর জাপান সফরে তৃতীয় কোনো দেশকে নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি। বঙ্গোপসাগর নিয়েও আলোচনা করতে তাঁরা জাপান যাননি, কারণ বঙ্গোপসাগর শুধু বাংলাদেশের একার নয়।

ঢাকা ট্রিবিউন-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

হুমায়ুন কবির বলেন, আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব। অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদেরও আলোচনার টেবিলে থাকতে হবে বলে জানান তিনি। ইউএনবির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিকে, গত ২৮ অক্টোবর ভারত জানায়, জাপানের সঙ্গে বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করতে চায় তারা। এ সহযোগিতার মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ঘিরে বিভিন্ন উদ্যোগও রয়েছে।

তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে আঞ্চলিক যোগাযোগ জোরদারে সম্মতির কয়েক ঘণ্টা পর ভারতের এ বক্তব্য আসে। একই সময়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত সহায়তা দিতে দুই দেশ কয়েকটি চুক্তিও করে।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাপানের সঙ্গে আমাদের অত্যন্ত শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও জাপানকে যুক্ত করে আমাদের বেশ কিছু উদ্যোগও আছে। আমরা এসব সংযোগ আরও জোরদার করতে চাই।”

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে হুঁশিয়ারি

নাহিদ ইসলামের বক্তব্যে ভারত-সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল গঙ্গার পানিবণ্টন চুক্তি। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

চুক্তিটি ন্যায্য শর্তে নবায়ন না হলে বাংলাদেশের মানুষ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নাহিদ ইসলাম বলেন, “এবার গঙ্গার পানিবণ্টন চুক্তিতে আমাদের ন্যায্য হিস্যা থেকে একটুও ছাড় দেব না।”

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গঙ্গার পানি কীভাবে দুই দেশের মধ্যে বণ্টন হবে, তা এই চুক্তিতে নির্ধারণ করা হয়েছে। চুক্তিটির মেয়াদ ৩০ বছর।

শুষ্ক মৌসুমে গঙ্গার পানিতে বাংলাদেশের হিস্যা সুরক্ষিত রাখতে নিশ্চয়তামূলক ধারা সংযুক্ত করে নতুন অথবা সংশোধিত দীর্ঘমেয়াদি চুক্তির দাবি জানিয়ে আসছে ঢাকা।

অন্যদিকে, ভারত বলে আসছে, পানিবণ্টনসহ দুই দেশের অভিন্ন ৫৪টি নদী নিয়ে আলোচনা ও সমাধানের বিষয়গুলো দ্বিপক্ষীয় যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে পরিচালিত হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কমিশন অভিন্ন, সীমান্তবর্তী ও আন্তসীমান্ত নদী নিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ব্রিসবেনে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে গাড়ি নিয়ে ধাওয়া: গ্রেপ্তার ৩

বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে এক নারীকে হুমকি এবং গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তাঁদের আটক করতে ব্রিসবেনের…

গ্রিনসকে অন্তর্ভুক্ত করার শর্তে চার দলের নেতাদের বিতর্কে রাজি জেস উইলসন

লেবার ও ওয়ান নেশন নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মতি জানিয়েছেন ভিক্টোরিয়ার লিবারেল পার্টির নেতা জেস উইলসন। তবে তাঁর শর্ত, বিতর্কে গ্রিনস পার্টিকেও রাখতে হবে।…

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদকে বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বরখাস্তের আদেশ কার্যকর…

সর্বোচ্চ দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au