ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
মেলবোর্ন, ৫ জানুয়ারি- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মো. রুহুল আমিন মুন্সি (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন মুন্সি বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কাঁঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই রুহুল আমিন নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর জানা যায়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।