বাংলাদেশ

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

  • 4:51 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ জানুয়ারি- সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চলমান আইনি জটিলতার কারণে পাবনার দুটি সংসদীয় আসনে ভোটের সব কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

শুক্রবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম চালানো যাবে না। সে কারণেই ইসি এই দুই আসনে ভোটের প্রস্তুতি স্থগিত রেখেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়। তবে এই পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে আপত্তি ওঠে।

বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাঈদ এই গেজেট চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন। শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর হাই কোর্ট রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে। একই সঙ্গে দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে সংশোধিত গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৪ ডিসেম্বর সংশোধিত গেজেট প্রকাশ করে। কিন্তু ওই রায় ও সংশোধিত গেজেট স্থগিত চেয়ে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদাভাবে আপিল বিভাগে আবেদন করে।

৫ জানুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাই কোর্টের রায় এবং ইসির সংশোধিত গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। আদেশে বলা হয়, লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে কার্যত ৪ সেপ্টেম্বর প্রকাশিত আগের গেজেটই বহাল থাকে।

এই পরিস্থিতিতে আদালতের নির্দেশনা স্পষ্ট না হওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে বাকি ২৯৮টি সংসদীয় আসনে নির্বাচন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালত সরাসরি নির্দেশ দিয়েছে যে, এই দুটি আসনে আপাতত কোনো কার্যক্রম নেওয়া যাবে না। আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে কমিশন সেই নির্দেশনাই অনুসরণ করছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au