মেলবোর্ন ১০ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। পাঁচ দিনে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিলের শুনানি শুরু হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার (৯ জানুয়ারি) শেষ হয়। শেষ দিনে সবচেয়ে বেশি, ১৭৬টি আপিল আবেদন জমা পড়ে। মনোনয়ন বাতিল কিংবা গ্রহণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থীরা এসব আপিল করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এভাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে শুনানি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব আপিল নিষ্পত্তির লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে নির্বাচনের পরবর্তী ধাপগুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এর পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, আপিল শুনানি শেষে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।