বাংলাদেশ

ভুয়া তথ্য ছড়াতে নতুন অস্ত্র এআই

২০২৫ সালে বাংলাদেশে ভুয়া তথ্য বেড়েছে ৩০ শতাংশ

  • 6:11 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
২০২৫ সালে সবচেয়ে বেশিবার বিভ্রান্তিকর তথ্যের শিরোনামে আসা শীর্ষ ১০ ব্যক্তি। ২০২৫ সালে প্রকাশিত ৪,০০০ টিরও বেশি স্বতন্ত্র তথ্য-যাচাই প্রতিবেদনের শিরোনাম বিশ্লেষণ করে ডিসমিসল্যাব এই তালিকা তৈরি করেছে। ছবি: ডিসমিসল্যাব/দ্য ডেইলি স্টার

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- ২০২৫ সালে বাংলাদেশে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে ছড়ানো মোট বিভ্রান্তিকর তথ্যের প্রায় ৬০ শতাংশই ছিল রাজনীতিকেন্দ্রিক। তথ্য যাচাইকারীরা বলছেন, শুধু পরিমাণ নয়, এই ভুয়া তথ্যের ধরন ও কৌশলেও স্পষ্ট পরিবর্তন এসেছে এবং প্রযুক্তির ব্যবহার আগের চেয়ে অনেক বেশি জটিল ও সংগঠিত হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব তাদের ২০২৫ সালের বার্ষিক পর্যালোচনায় জানায়, ওই বছর প্রকাশিত চার হাজারের বেশি পৃথক ফ্যাক্টচেক প্রতিবেদনের শিরোনাম বিশ্লেষণ করে তারা এই চিত্র পেয়েছে। বিশ্লেষণে দেখা যায়, প্রতি তিনটি ফ্যাক্টচেকের মধ্যে দুটি ছিল রাজনৈতিক বর্ণনা বা দাবিকেন্দ্রিক। এসব ভুয়া তথ্যের অর্ধেক ছড়ানো হয়েছে ভিডিওর মাধ্যমে এবং প্রতি দশটির একটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে।

ডিসমিসল্যাব ২০২৫ সালে সবচেয়ে বেশি ভুয়া তথ্যের শিরোনামে যাদের নাম এসেছে, এমন দশজন ব্যক্তির একটি তালিকাও প্রকাশ করেছে। এতে তালিকার শীর্ষে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নাম এসেছে ২৭৪টি ফ্যাক্টচেক প্রতিবেদনের শিরোনামে। এসব ভুয়া তথ্যের বড় অংশে তার পুরোনো ভিডিও, ছবি ও বক্তব্য নতুন বলে প্রচার করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার আবার ক্ষমতায় ফিরে আসার গুজবও ব্যাপকভাবে ছড়ানো হয়।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার নাম এসেছে ১৫০টি ফ্যাক্টচেক প্রতিবেদনে। অধিকাংশ ভুয়া দাবিতে তার নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল ও অবৈধ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। বারবার এমন গুজব ছড়ানো হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন বা করতে যাচ্ছেন এবং সেনাবাহিনী নাকি তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।

এ ছাড়া ভুয়া তথ্যের শিকার হওয়া অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন নিহত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ডিসমিসল্যাবের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে ফ্যাক্টচেক করা মোট ভুয়া তথ্যের প্রায় ১০ শতাংশ বা ৪১৭টি ঘটনা সরাসরি এআই দিয়ে তৈরি। অর্থাৎ প্রতি দশটি ভুয়া তথ্যের একটি কোনো না কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে। এসব এআই-নির্ভর ভুয়া তথ্য রাজনীতি ছাড়াও দুর্যোগ, আন্তর্জাতিক সংঘাতসহ প্রায় সব বিষয়েই ছড়ানো হয়েছে।

রাজনৈতিক ভুয়া তথ্যে এআইয়ের ব্যবহার ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। উদাহরণ হিসেবে বলা হয়, ২৫ ডিসেম্বর তারিখে একাধিক এআই-তৈরি ছবি ছড়ানো হয়, যেখানে দাবি করা হয় তারেক রহমান দেশে ফিরেছেন। এসব ছবিতে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যাচ্ছে বা বিমান থেকে নেমে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেখা যাচ্ছে। একইভাবে এআই দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হয়, যেখানে শেখ হাসিনাকে ভারতের সংসদে ভাষণ দিতে দেখা যায় বলে দাবি করা হয়। কোথাও কোথাও শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট হাসিনা’ লেখা প্ল্যাকার্ড বা দেয়ালে এমন স্লোগান আঁকার ছবি ছড়ানো হয়, যেগুলোও ভুয়া বলে শনাক্ত হয়।

পুরো বছরজুড়েই রাজনীতিকেন্দ্রিক ভুয়া তথ্য সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং অন্য যেকোনো বিষয়ের তুলনায় বেশি সংখ্যায় ফ্যাক্টচেক করা হয়েছে। বছরের প্রতিটি প্রান্তিকেই রাজনীতি ছিল ভুয়া তথ্যের শীর্ষ বিষয়। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। যেখানে মাসে গড়ে প্রায় ২০০টি রাজনৈতিক ভুয়া তথ্য শনাক্ত হচ্ছিল, সেখানে ডিসেম্বর মাসে তা বেড়ে দাঁড়ায় ৪০৮টিতে।

সেপ্টেম্বরের পর থেকে রাজনৈতিক ভুয়া তথ্য বাড়ার অন্যতম কারণ হিসেবে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী মাসগুলোতে জাতীয় সংসদ নির্বাচন কবে ও কীভাবে হবে, দলীয় মনোনয়ন পদ্ধতি কেমন হবে, এসব বিষয় নিয়েও ব্যাপক ভুয়া তথ্য ছড়াতে শুরু করে। ডিসেম্বর মাসে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং খালেদা জিয়ার অসুস্থতা ও পরবর্তী মৃত্যুর খবর ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছিল রাজনৈতিক ভুয়া তথ্য ছড়ানোর বড় উৎস।

সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণার পর মাত্র এক মাসেই অন্তত ৫৫টি নির্বাচনসংক্রান্ত ভুয়া তথ্য শনাক্ত করা হয়। এর বেশিরভাগই ছিল রাজনৈতিক জোট নিয়ে মনগড়া দাবি এবং ভুয়া জরিপের ফলাফল।

সার্বিকভাবে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় ও উদ্বেগ ছড়ানোর একটি প্রবণতাও দেখা গেছে। বিশ্লেষণে দেখা যায়, অন্তত ৯০টি ফ্যাক্টচেক প্রতিবেদনের শিরোনামে ধর্ষণের উল্লেখ ছিল। একশর বেশি প্রতিবেদনে ছিল খুন বা হত্যাকাণ্ড সংক্রান্ত ভুয়া দাবি এবং ৪৫টি প্রতিবেদনে নির্যাতন বা নিপীড়নের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে।

ধর্মীয় বিষয়েও ভুয়া তথ্য ছড়ানো অব্যাহত ছিল। সারা বছরজুড়ে বাংলাদেশে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বা নির্যাতনের অভিযোগ তুলে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

২০২৫ সালে ছড়ানো মোট ভুয়া তথ্যের প্রায় ৫২ শতাংশই ভিডিওর মাধ্যমে ছড়ানো হয়েছে। এসব ভিডিওর মধ্যে পুরোনো ও অপ্রাসঙ্গিক ক্লিপের পাশাপাশি এআই দিয়ে তৈরি ভিডিওও ছিল। গ্রাফিক কার্ড বা ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো হয়েছে ২১ শতাংশ ভুয়া তথ্য। এসব ফটোকার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকার উপদেষ্টা বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নামে বানানো উদ্ধৃতি জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৪ শতাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত গণমাধ্যমের নামে ভুয়া পরিচয় ব্যবহার করে এসব তথ্য ছড়ানো হয়েছে।

সূত্রঃ এশিয়ান নিউজ নেটওয়ার্ক

এই শাখার আরও খবর

আমার মেয়ের মৃত্যুর দায় কে নেবে: আট বছরের শিশুকন্যার বাবা

মেলবোর্ন, ৬ জুন- মিরপুরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশুকন্যার বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন তুলেছেন, তার মেয়ের মৃত্যুর দায় কে নেবে। তিনি বলেছেন,…

ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনে দ্রুত নাগরিকত্ব যাচাই চায় দিল্লি

মেলবোর্ন, ৬ জুন- ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে এসব…

গাইবান্ধার রামমূর্তি নির্মাণ ঘিরে উত্তেজনা: কারা এবং কেন দিচ্ছে ভাঙার হুমকি?

মেলবোর্ন, ৬ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে নির্মাণাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়…

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au