কড়া নিরাপত্তায় অমিতাভ! ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে নিজের বাড়ি ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে এবার সেই চেনা আয়োজনে যুক্ত হয়েছে বাড়তি নিরাপত্তা। রোববার বাড়ির বাইরে উঁচু মঞ্চে বুলেটপ্রুফ কাচের সুরক্ষাবেষ্টনীর ভেতরে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটি থেকে উঁচু মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন অমিতাভ। মঞ্চের চারপাশে ছিল কাচের সুরক্ষাবেষ্টনী। সেটি বুলেটপ্রুফ বলে জানা গেছে। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে এদিনও তাঁর বাড়ির সামনে ভিড় করেন বহু ভক্ত।
এ সময় বাবার সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। তাঁকে অমিতাভের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিলেন মুম্বাই পুলিশের সদস্যরা। ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের ভিড় সামলাতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
তবে হঠাৎ এই নিরাপত্তা জোরদারের কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পাঠানো একটি ই-মেইলের খবর প্রকাশ্যে আসে। গত ২৩ অক্টোবর এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে তথ্য পৌঁছায় বলে জানা গেছে। একই সময়ে সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। এসব ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। এরপরই অমিতাভের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন অমিতাভ। নিয়মিত ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেন তিনি। তবে কিছুদিন আগে জানান, চিকিৎসকেরা তাঁকে নিয়মিত কাজকর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা বিরতি নিয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
নিজের ব্লগে সুস্থ হয়ে ওঠার প্রসঙ্গে অমিতাভ লেখেন, ‘এখনো আরও বিশ্রাম প্রয়োজন। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভাবছি, মানুষের শরীর কতটা বিচিত্র এবং প্রত্যেকের শরীরের গঠন কতটাই না আলাদা।’
সূত্র:আনন্দবাজার.কম