অস্ট্রেলিয়া

হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজের নিজ দেশের যাত্রীদের কোয়ারেন্টিনে রেখেছে অস্ট্রেলিয়া

  • 6:36 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ডাচ পতাকাবাহী ‘এমভি হন্ডিয়াস’ নামের জাহাজে প্রাণঘাতী হান্টাভাইরাস শনাক্ত , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আক্রান্ত একটি প্রমোদতরী বা ক্রুজ জাহাজে থাকা অস্ট্রেলীয় যাত্রীদের অন্তত তিন সপ্তাহের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থ শহরে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জননিরাপত্তার স্বার্থে এটিকে “সতর্কতামূলক ব্যবস্থা” হিসেবে উল্লেখ করেছে ফেডারেল সরকার।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, আক্রান্ত জাহাজে থাকা পাঁচজন অস্ট্রেলীয় নাগরিক এবং একজন নিউজিল্যান্ডের নাগরিককে আগামী কয়েক দিনের মধ্যে সরকারি বিমানে পশ্চিম অস্ট্রেলিয়ায় আনা হবে। সেখানে পৌঁছানোর পর তাদের সরাসরি একটি বিশেষ কোয়ারেন্টিন কেন্দ্রে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় “জাতীয় কোয়ারেন্টিন ব্যবস্থা” কার্যকর করা হবে, যাতে কোয়ারেন্টিন ও দেশে ফেরানোর পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ফেডারেল সরকার নিজ হাতে নিতে পারে।

মার্ক বাটলার বলেন, এটি একটি জটিল আন্তর্জাতিক কার্যক্রম। এতে একাধিক দেশের সম্পৃক্ততা রয়েছে। ফ্লাইট চূড়ান্ত হলে সরকার আরও বিস্তারিত তথ্য জানাবে।

তিনি জানান, পার্থ শহরের উত্তর-পূর্বে অবস্থিত বুলসব্রুক সেন্টার ফর ন্যাশনাল রেজিলিয়েন্সে যাত্রীদের কোয়ারেন্টিনে রাখা হবে। কেন্দ্রটি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের পিয়ার্স ঘাঁটির পাশেই অবস্থিত।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হান্টাভাইরাসের সম্ভাব্য সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড দীর্ঘ হওয়ায় তিন সপ্তাহের বেশি সময়ও কোয়ারেন্টিনে থাকতে হতে পারে যাত্রীদের।

মার্ক বাটলার বলেন, এই ভাইরাসের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে। তবে প্রথম কয়েক সপ্তাহ পর সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে। বিষয়টি নিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্তের জন্য তিনি “কোনো দুঃখপ্রকাশ করবেন না”। তার ভাষায়, বিশ্বজুড়ে যে ধরনের ব্যবস্থা দেখা যায়, এটি তার মধ্যে অন্যতম কঠোর প্রতিক্রিয়া।

ক্রুজ জাহাজে টানা মৃত্যু, হান্টাভাইরাস আতঙ্কে তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ,ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, যাত্রীরা পার্থে পৌঁছানোর পর সরাসরি সামরিক ঘাঁটির পাশের কোয়ারেন্টিন কেন্দ্রে নেওয়া হবে এবং সেখানে সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকবে না।

মার্ক বাটলার বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণকে নিরাপদ ও সুস্থ রাখা। একইসঙ্গে আক্রান্ত বা ঝুঁকিতে থাকা যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং অজান্তে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রোধ করাও সরকারের দায়িত্ব।

তিনি আরও জানান, কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যাত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষার নমুনা বিশ্লেষণের জন্য মেলবোর্নের ডোহার্টি ইনস্টিটিউটে পাঠানো হবে।

পার্থের কাছে অবস্থিত এই কোয়ারেন্টিন কেন্দ্রটি মূলত কোভিড-১৯ মহামারির শেষ দিকে তৈরি করা হয়েছিল। এখন এটি ফেডারেল সরকার এবং পশ্চিম অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ যৌথভাবে পরিচালনা করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কেন্দ্রটি ঠিক এমন পরিস্থিতি মোকাবিলার জন্যই তৈরি করা হয়েছিল। জননিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি স্বীকার করেন, যাত্রীদের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। যদিও বর্তমানে তাদের কারও শরীরে হান্টাভাইরাসের উপসর্গ দেখা যায়নি।

তিনি বলেন, যাত্রীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা চাই তাদের যাত্রা ও কোয়ারেন্টিনের সময়টুকু যতটা সম্ভব স্বস্তিদায়ক করা যায়।

তবে কোয়ারেন্টিন প্রক্রিয়ায় কত ব্যয় হবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি অস্ট্রেলিয়া সরকার।

হান্টাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মানুষ থেকে মানুষে এই ভাইরাসের সংক্রমণ অত্যন্ত বিরল।

অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক গবেষণা সংস্থা সিএসআইআরও’র অস্ট্রেলিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিপেয়ার্ডনেসের সংক্রামক রোগ বিশেষজ্ঞ গ্লেন মার্শ বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি পরবর্তী মহামারিতে রূপ নেওয়ার মতো ভাইরাস নয়।

তার ভাষায়, এই ভাইরাস এখনই বড় উদ্বেগের কারণ নয়। বিষয়টি নজরে রাখতে হবে ঠিকই, তবে এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না।

স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, ভাইরাসটির “মহামারি সৃষ্টির সম্ভাবনা নেই”, তবে এটি একটি গুরুতর পরিস্থিতি। কারণ সংক্রমণ বিরল হলেও এর পরিণতি ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, মানুষে মানুষে সংক্রমণ কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত আক্রান্ত ইঁদুর বা অন্যান্য দন্তজাতীয় প্রাণীর মূত্র, লালা কিংবা বিষ্ঠার সংস্পর্শে এলে মানুষ হান্টাভাইরাসে আক্রান্ত হয়।

গ্লেন মার্শ বলেন, কোভিড-১৯ এর মতো এটি অত্যন্ত সংক্রামক নয় এবং দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাও কম। কোভিড মহামারির অভিজ্ঞতার কারণে মানুষ এখন নতুন ভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু এর আগে এমন বহু ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, যেগুলো সংবাদমাধ্যমেও আসেনি।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত হান্টাভাইরাসে আক্রান্ত কোনো মানব রোগী শনাক্ত হয়নি। তাই এটিকে নতুন মহামারির সূচনা হিসেবে দেখার সুযোগ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভাইরাসটির সংস্পর্শে আসার পর এক থেকে আট সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। আক্রান্ত ব্যক্তি কোন ধরনের হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার ওপর উপসর্গ নির্ভর করে।

সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং পেটের সমস্যাজনিত উপসর্গ। কিছু ধরনের হান্টাভাইরাসে আক্রান্তদের প্রায় অর্ধেক পর্যন্ত মারা যেতে পারেন। অন্য কিছু ধরনের ক্ষেত্রে মৃত্যুহার ১ থেকে ১৫ শতাংশ।

বর্তমানে এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই।

ক্রুজ জাহাজের যাত্রীরা ঠিক কোন ধরনের হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি সাধারণত উপসর্গ প্রকাশের আগে অন্যকে সহজে সংক্রমিত করেন না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কঠোর কোয়ারেন্টিন আরোপ করা হয়েছে।

হান্টাভাইরাস আতঙ্কের কেন্দ্রবিন্দুতে থাকা এমভি হন্ডিয়াস নামের ক্রুজ জাহাজটিতে তিনজনের মৃত্যুর পেছনে এই ভাইরাস দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

ওশেনওয়াইড এক্সপেডিশনসের তথ্য অনুযায়ী, জাহাজটিতে ৮৮ জন যাত্রী এবং ৬১ জন ক্রু সদস্য ছিলেন।

গত ১১ এপ্রিল জাহাজে থাকা এক যাত্রীর মৃত্যু হয়। পরে ২৪ এপ্রিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে তার মরদেহ এবং স্ত্রীকে নামিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ২৭ এপ্রিল কোম্পানিটি জানতে পারে, ওই ব্যক্তির স্ত্রীও মারা গেছেন। তারা দুজনই নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন।

একই দিনে আরও একজন যাত্রীকে জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরপর ২ মে জাহাজটিতে থাকা আরেক জার্মান যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনাগুলোর পর থেকেই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি শুরু করেছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

এক ক্ষেপণাস্ত্রেই একাধিক লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা দেখাল ভারতের উন্নত ‘অগ্নি’ পরীক্ষা

একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি’ সিরিজের উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড…

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ

মেলবোর্ন, ১১ মে- খুলনার পাইকগাছায় গরু মারধরকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের ওপর হামলা, মারপিট, হত্যাচেষ্টা, নারী লাঞ্ছনা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।…

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

মেলবোর্ন, ১১ মে-  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব…

সংখ্যালঘু নির্যাতন হলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেলবোর্ন, ১১ মে- দেশে সংখ্যালঘু সম্প্রদায় বা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন সহ্য করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ…

সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

মেলবোর্ন, ১১ মে- ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ…

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

মেলবোর্ন, ১১ মে- দক্ষিণ লেবাননে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান ও গোলাবর্ষণ চালানোর ঘোষণা দিয়ে সীমান্তবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au