বাংলাদেশ

হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যায় গ্রেপ্তার ২

  • 8:10 pm - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার
হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যায় গ্রেপ্তার ২। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মে- বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে হিন্দু গৃহবধূ রিতা মজুমদারকে গলা কেটে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি বিক্রির টাকা লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন গাবতলী উপজেলার মমিনহাটা পূর্বপাড়ার ফরিদ প্রামানিকের ছেলে শাওন মিয়া (২০) এবং একই এলাকার মোকলেছের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। তারা দুজনেই পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, গত ২০ মে রাতে রিতা মজুমদার ও তাঁর স্বামী বিধান মজুমদার রাতের খাবার শেষে আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে একটি শব্দ শুনে বিধান মজুমদারের ঘুম ভেঙে যায়।

কয়েক মিনিট পর স্ত্রীর কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে তিনি দ্রুত সেখানে যান। গিয়ে দেখেন, কক্ষের দরজা খোলা এবং রিতা মজুমদার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে স্থানীয় লোকজনকে ডাকাডাকি করা হলে হত্যাকারীরা পালিয়ে যায় বলে জানানো হয়।

ঘটনার পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে শাওন মিয়াকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে শাওন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আনোয়ার হোসেনের নাম প্রকাশ করেন। পরে অভিযান চালিয়ে আনোয়ারকেও গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, আনোয়ার ও শাওন একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। প্রায় ১০ দিন আগে আনোয়ার জানতে পারেন, রিতা মজুমদারের বাড়িতে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে। এরপর তারা দুজন মিলে সেই টাকা লুটের পরিকল্পনা করেন।

পুলিশের দাবি, পরিকল্পনার অংশ হিসেবে আনোয়ার স্থানীয় বাজার থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র কিনে আনেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঘটনার দিন রাতে রিতা মজুমদার ও তাঁর স্বামী বাড়ির বাইরে ধান ও খড় তোলার কাজে গেলে দুই আসামি গোপনে বাড়িতে প্রবেশ করেন। পরে তারা গরুর খাবার রাখার ঘরে লুকিয়ে থাকেন।

রাত গভীর হলে এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাত সোয়া ১২টার দিকে শাওন দরজায় ধাক্কা দেন। শব্দ পেয়ে রিতা মজুমদার টর্চলাইট হাতে বাইরে বের হন। এ সময় তিনি আনোয়ারকে চিনে ফেলেন বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধরা পড়ে যাওয়ার আতঙ্কে আনোয়ার তাঁর হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রিতা মজুমদারের গলায় কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের পর ব্যবহৃত অস্ত্র দুটি বয়ারবাড়ী বিলের কচুরিপানার মধ্যে ফেলে দেওয়া হয়। পরে তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে।

এছাড়া আসামিদের কাছ থেকে হত্যার সময় পরিহিত পোশাক, ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হবে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au