বাংলাদেশ

চাকরিচ্যুতির বিরোধ থেকে সম্পত্তি বিবাদ, সব পক্ষই জুলাই আন্দোলনের মামলায় আসামি!

  • 9:53 pm - July 02, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
মামলার একাধিক আসামির সঙ্গে বাদীর দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ রয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুলাই- চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর আলম দস্তগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়, বরং দীর্ঘদিনের ব্যক্তিগত, পেশাগত ও সম্পত্তিগত বিরোধের জেরে নিজের পুরোনো প্রতিপক্ষদের আসামি করেছেন তিনি। মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং বিভিন্ন তথ্য পর্যালোচনায় এমন অভিযোগের নানা দিক উঠে এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের এক মাস পর, একই বছরের ৫ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলাটি করেন জাহাঙ্গীর আলম দস্তগীর। এজাহারে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট নগরের জিপিও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। শুরুতে মোট ১৮ জনকে আসামি করা হলেও পরে এই তালিকা নিয়েই প্রশ্ন উঠতে থাকে।

অনুসন্ধানে জানা গেছে, মামলার একাধিক আসামির সঙ্গে বাদীর দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার সাবেক কর্মস্থল পটিয়ার পশ্চিম পটিয়ার এজে চৌধুরী কলেজের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, স্থানীয় বাসিন্দা, আইনজীবী, সাংবাদিক এবং সম্পত্তি-সংক্রান্ত বিরোধে জড়িত ব্যক্তিরাও।

মামলার দুই নম্বর আসামি এজে চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন। জাহাঙ্গীর আলম ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। ২০০৬ সালে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তার চাকরি চলে যায়। এরপর থেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানা গেছে। চাকরিচ্যুতির পর তিনি কলেজের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও করেছিলেন।

একই মামলায় আসামি করা হয়েছে কলেজটির শিক্ষক সমীর রঞ্জন নাথ, সহযোগী অধ্যাপক মনোয়ারা বেগম, অধ্যাপক শামীমা আক্তার চৌধুরী, দাতা সদস্য এম এ সেলিম চৌধুরী এবং সাবেক পরিচালনা পরিষদের সদস্য আব্দুস সালামকে।

আসামিদের একজন এম এ সেলিম চৌধুরী জানান, ২০২৪ সালের ২৪ জুন থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। মামলায় নিজের নাম আসার পর তিনি পুলিশ কমিশনারের কাছে পাসপোর্টের কপিসহ আবেদন জমা দিয়ে বিদেশে অবস্থানের তথ্য তুলে ধরেন।

এজে চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানি ও অর্থ আত্মসাতের মতো অভিযোগ ছিল। তার ভাষ্য, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং ৫ আগস্ট রাতে চট্টগ্রামে ফেরেন।

মামলার আরেক আসামি আইনজীবী ও সাংবাদিক মোস্তফা মোহাম্মদ এমরান বলেন, জাহাঙ্গীর আলমের সঙ্গে তাদের পারিবারিক পরিচয় ছিল। পরে বিভিন্ন বিষয়ে সহযোগিতা না করায় সম্পর্কের অবনতি ঘটে। পাশাপাশি পারিবারিক সম্পত্তি নিয়েও বিরোধ রয়েছে। তার ধারণা, সেই বিরোধের জেরেই তাকে মামলায় আসামি করা হয়েছে।

মামলা দায়েরের দুই সপ্তাহ পর, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর, জাহাঙ্গীর আলম একই মামলায় আরও ৮৮ জনকে আসামি করার আবেদন করেন। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া ওই আবেদন আদালত নামঞ্জুর করে দেন।

জানা গেছে, নতুন তালিকায় নিজের গ্রামের আত্মীয়স্বজন, একই এলাকার বাসিন্দা, সাবেক জনপ্রতিনিধি এবং এমনকি নিজের খালাতো বোনের স্বামীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তালিকায় ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ রহমান এবং সাবেক ইউপি সদস্য নুরুল আলম সওদাগরের নামও ছিল।

এদিকে মামলা করার পর আসামিদের নাম প্রত্যাহার বা তাদের বিরুদ্ধে অভিযোগ নেই মর্মে আদালতে হলফনামা দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগও উঠেছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। আদালত-সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, গত বছরের জুলাইয়ের শেষে নওশেদ জামাল নামে এক ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখানোর পর ৩ আগস্ট আদালতে তার বিরুদ্ধে অভিযোগ নেই উল্লেখ করে হলফনামা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অনুসন্ধানে আরও জানা গেছে, জাহাঙ্গীর আলম অতীতে বিভিন্ন সময়ে নিজেকে আওয়ামী লীগের কর্মী, কিশোর মুক্তিযোদ্ধা, ম্যাজিস্ট্রেট, কলেজের অধ্যক্ষ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা ছিলেন বলেও দাবি করেছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা একাধিক কবিতাও প্রকাশিত হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি নিজেকে আওয়ামী লীগবিরোধী হিসেবে উপস্থাপন করে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিস্তারিত মন্তব্য করেননি। প্রথমে অভিযোগগুলো শোনার পর তিনি ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন। পরে পাঠানো খুদে বার্তার জবাবে তিনি বলেন, ঘটনার মূল নির্দেশদাতা হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে প্রধান আসামি করা হয়েছে। প্রথম এজাহারে ১৮ জন এবং সম্পূরক এজাহারে ৭০ জনের নাম যুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ব্যক্তিগত বিরোধের জেরে আসামি করার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, মামলার সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, জাহাঙ্গীর আলম অতীতে নিজেকে কখনো বিচারক, কখনো আইনজীবীসহ নানা পরিচয়ে উপস্থাপন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এবং অতীতে একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় যাদের সঙ্গে বাদীর পূর্বশত্রুতা ছিল, তাদেরই অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিই প্রত্যাশা।

সূত্রঃ ঢাকা পোস্ট

এই শাখার আরও খবর

কুইন্সল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা, আদালত প্রাঙ্গণ থেকে এক সমর্থক আটক

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আদালত প্রাঙ্গণের বাইরে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের একটি…

রেকর্ডসংখ্যক আবেদনের পর ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসার আবেদন ফি বাড়িয়েছে। নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়ার্কিং হলিডে ভিসা আবেদনকারীদের ওপর। ১ জুলাই…

ভিক্টোরিয়ায় প্রথমবারের মতো জনমত জরিপে শীর্ষে ওয়ান নেশন, পিছিয়ে লেবার ও কোয়ালিশন

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আসন্ন নির্বাচনের আগে পরিচালিত সর্বশেষ জনমত জরিপে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে ডানপন্থী দল ওয়ান…

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ৯ শতাধিক

মেলবোর্ন, ২ জুলাই- দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসনবিরোধী তীব্র গণবিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নয় শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩০ জুন) দেশজুড়ে…

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান

মেলবোর্ন, ২ জুলাই- জনগণের ওপর একটি অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত জাতীয় মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে তা শেষ পর্যন্ত সরকারের জন্যই আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন…

১০২ তলা এম্পায়ার স্টেট ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

মেলবোর্ন, ২ জুলাই- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে দুঃসাহসিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় এক রুশ যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০২ তলা ভবনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au