বাংলাদেশ

শেকৃবির এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

  • 3:21 am - July 06, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই- রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন। রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, এএসভিএম জেগেছে’, ‘এক দফা, এক দাবি, বৈষম্যমুক্ত ভেট ডিগ্রি’, ‘স্বতন্ত্র কোড দিতে হবে’ এবং ‘দাবি যখন মানবে না, ক্লাস-পরীক্ষা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি গ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করে নিয়োগসংক্রান্ত জটিলতার অবসান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, পাশাপাশি ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির কম্বাইন্ড ডিগ্রিধারী ১৮ জন প্রার্থী প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা এবং সমস্যার সমাধান নিশ্চিত করা।

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, দেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন। অথচ দীর্ঘদিন ধরে তাদের ডিগ্রি ও চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের মুখোমুখি হতে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

আরেক শিক্ষার্থী বলেন, অতীতেও একাধিকবার প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু প্রতিবারই দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ থেমে গেছে। তাই এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় ফিরবেন না।

এদিকে অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, তিনি নিজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এ গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-সহ যেসব প্রতিষ্ঠানে বৈষম্যের অভিযোগ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, শুধু আশ্বাস নয়, দাবির বাস্তব অগ্রগতি দেখতে চান তারা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেছেন আন্দোলনকারীরা।

এই শাখার আরও খবর

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি

ওটিএন বাংলা রিপোর্ট :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার তাঁর জামিন…

অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, ছুরিসহ ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) মিড নর্থ কোস্ট এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছুরিসহ ৭২ বছর বয়সী এক…

২০১৬ সালের পানামা পেপার্স: কী ছিল সেই চাঞ্চল্যকর ফাঁসে?

২০১৬ সালে বিশ্বের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রমাণ সহ ফাঁস করে দিয়েছিলো পানামা পেপার্স।১১.৫ মিলিয়নের এই নথিতে নাম ছিল সাবেক প্রধানমন্ত্রী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au