ডেনা কারারি। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১৬ জুলাই- গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২৪ সাল থেকে ইরানে আটক থাকা ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি (৫৩) মুক্তি পেয়েছেন। ইরানের কর্তৃপক্ষ তাকে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কারারির যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী জ্যারেড জেনসার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে কারারির মুক্তির খবর জানান। ট্রাম্প দাবি করেন, ডেনা কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন। একই সঙ্গে তিনি এই ঘটনাকে ইরানের পক্ষ থেকে একটি সদিচ্ছার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ডেনা কারারির মুক্তির ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। দুই দেশের মধ্যকার সমঝোতা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা অঞ্চলটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কারারির আইনজীবী জ্যারেড জেনসার বলেন, চলমান যুদ্ধাবস্থার মধ্যেও তার মক্কেলের ইরান ত্যাগ করতে পারা এক ধরনের অলৌকিক ঘটনা। তিনি জানান, গত সপ্তাহে ডেনা কারারি গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন, যা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল।
ট্রাম্প প্রশাসন কীভাবে তার মুক্তি নিশ্চিত করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জ্যারেড জেনসার বলেন, ডেনা কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যদিও ডেনা কারারির বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য করা হয়নি, তবে তার মুক্তিকে দুই দেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যেও একটি উল্লেখযোগ্য কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।