বাংলাদেশ

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা

  • 6:51 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
শেখ হাসিনা।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কারাগারে যেতে হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে, তবুও তিনি বাংলাদেশে ফিরবেন।

বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চ্যুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটিই ছিল গণমাধ্যমের সামনে তাঁর প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমি জানি, আমাকে কারাগারে পাঠানো হতে পারে, আমাকে হত্যা করা হতে পারে, যেকোনো কিছুই ঘটতে পারে। কিন্তু তারপরও আমাকে দেশে ফিরতেই হবে।”

তবে তিনি কবে এবং কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা পরিকল্পনা প্রকাশ করেননি। তাঁর ভাষায়, “সময় এলে সব জানানো হবে।”

ছাত্র আন্দোলন নিয়ে নতুন অভিযোগ

বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কয়েকটি সংগঠিত গোষ্ঠী সহিংস রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিল। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি বরাবরের মতোই দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে জাতিসংঘের তদন্তকারীরা তাদের অনুসন্ধানে উল্লেখ করেছেন, ২০২৪ সালের আন্দোলনের সময় সরকার পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল।

বাংলাদেশের জুলাই আন্দোলন। ছবিঃ ওটিএন বাংলা

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্দোলনটি শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি হিসেবে, যা পরে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।

২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার রাজপথ ও সরকারি স্থাপনায় অবস্থান নিলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তাঁর ১৫ বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে ১৭ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশে নতুন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়।

পরবর্তীতে অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের আগে বাংলাদেশ সরকার দেশীয় গণমাধ্যমকে তাঁর বক্তব্য প্রকাশ বা সম্প্রচার না করার নির্দেশনা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে তাঁর বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের সমালোচনা করে জানায়, শেখ হাসিনাকে প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় সরকার ক্ষুব্ধ।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনো কোনো দেশের অনুগত রাষ্ট্রে পরিণত হবে না।”

উল্লেখ্য, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ভারত সরকার জানিয়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে।

৫ আগস্ট কুর্মিটোলার বাশার ঘাঁটি থেকে শেখ হাসিনাকে কৌশলে দেশত্যাগে বাধ্য করা হয়। ছবিঃ সংগৃহীত

দেশে ফিরলে কী হতে পারে

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে এবং এতে নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকাভিত্তিক বিশ্লেষক ডেভিড বার্গম্যানের ভাষ্য, শেখ হাসিনার জন্য দেশে ফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বাংলাদেশে ফিরলে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

তাঁর মতে, ক্ষমতাসীন বিএনপির সমর্থক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী, ইসলামপন্থী দলসহ বিভিন্ন পক্ষ তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে আন্দোলনে নামতে পারে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন

অন্যদিকে শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগের অস্তিত্ব আরও সংকটে পড়তে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং দলটি চলতি বছরের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি।

দলের নেতাদের অভিযোগ, গত এক বছরে গণপিটুনি ও বিভিন্ন সহিংস ঘটনায় আওয়ামী লীগের শত শত সমর্থক নিহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর হেফাজতেও কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আওয়ামী লীগের সমর্থকদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে না।

শেখ হাসিনার সাবেক মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ আলী আরাফাত, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, বিবিসিকে বলেন, “শেখ হাসিনা দেশে না ফিরলে সহিংসতা চলতেই থাকবে এবং আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টা করা হবে।”

প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে চলে গেলেও মধ্যম সারির নেতা-কর্মী ও সমর্থকদের হামলা-মামলার মুখে ফেলে রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হলে শেখ হাসিনার জন্য দেশে ফিরে পরিস্থিতির মুখোমুখি হওয়া ছাড়া বিকল্প খুবই সীমিত।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় মৃত রোগীর নামে অস্ত্রোপচারের বুকিং, আইটি ব্যবস্থায় গুরুতর ত্রুটি

মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল…

জাতীয় আদিবাসী ফ্যাশন অ্যাওয়ার্ডসে উজ্জ্বল অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস শিল্পীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্স্ট নেশনস শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বীকৃতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ন্যাশনাল ইন্ডিজেনাস…

হামজা চৌধুরীর সামনে চ্যাম্পিয়নস লিগের হাতছানি

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে আসতে পারে নতুন অধ্যায়। আজারবাইজানের ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির শীর্ষ…

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট, তৈরি হতে পারে বিশাল গর্ত

মেলবোর্ন, ৬ আগষ্ট: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের দ্বিতীয় ধাপ (আপার স্টেজ) অনিয়ন্ত্রিত ভাবে চাঁদের বুকে আছড়ে পড়েছে।…

মহাকাশে মাস্কের একক দাপট, উৎক্ষেপণের সুযোগ হারিয়ে বিপাকে অন্য সংস্থাগুলো

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রাখা স্পেস এক্স এখন নিজেদের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে…

দেশ ছাড়তে বাধ্য হলেও জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হইনি: শেখ হাসিনা

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেও দেশের মানুষের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গত দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au