বাংলাদেশ

নজরদারি জোরদার

জাতিসংঘের সতর্কবার্তার পর বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক খুঁজছে গোয়েন্দারা

  • 6:39 am - August 14, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক খুঁজছে গোয়েন্দারা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস বাংলাদেশকে ব্যবহার করে গোপন নেটওয়ার্ক বা ‘সেল’ গঠনের চেষ্টা করছে বলে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করার পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি আরও জোরদার করেছে। তবে পুলিশ বলছে, জাতিসংঘের এই সতর্কবার্তাকে বাংলাদেশে একিউআইএসের সক্রিয় সাংগঠনিক উপস্থিতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রতিবেদনের পূর্ণাঙ্গ পর্যালোচনা শুরু করেছে পুলিশ। প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যে উদ্বেগের কথা বলা হয়েছে, তার সঙ্গে দেশের ভেতরে নজরদারিতে থাকা ব্যক্তি, গোষ্ঠী বা নেটওয়ার্কের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে এমন তথ্য দেয়নি যে বাংলাদেশে একিউআইএসের একটি সংগঠিত ও সক্রিয় কাঠামো রয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশ্লেষণাত্মক সহায়তা ও নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের ৩৮তম প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী হুমকি বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একিউআইএস বড় আকারের ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার দিকে এগোচ্ছে। সংগঠনটি বিভিন্ন দেশে নিজেদের জন্য গোপন আশ্রয়স্থল, অর্থনৈতিক ও সরবরাহ নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশকে ব্যবহার করে গোপন সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার সম্ভাবনাকেও প্রতিবেদনে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা এবং সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারের বিষয়গুলোও নতুন করে পর্যালোচনা করছে। এসব ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ, নির্দেশনা বা সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে বোমা বা বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটলেও এগুলো একই সংগঠন বা একই মতাদর্শের সঙ্গে যুক্ত, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য এখনো পাওয়া যায়নি। প্রতিটি ঘটনাই আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে জানতে চাইলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মোহাম্মদ শামসুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশি শাহাবুদ্দিন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সঙ্গে যোগাযোগ করতে বলেন। অন্যদিকে অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

সন্ত্রাসবিরোধী কাঠামো পুনর্বিন্যাসের আলোচনা

জাতিসংঘের নতুন মূল্যায়নের পাশাপাশি দেশের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের কাঠামো নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিটিটিসি ও পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটকে আলাদা দুটি কাঠামো হিসেবে না রেখে একীভূত করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে। একীভূত করা হলে সন্ত্রাসবিরোধী অভিযান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজ একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন জঙ্গি বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে কোনো কোনো ঘটনায় বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক ও অন্যান্য উপকরণ উদ্ধারের তথ্যও দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক বলেন, বাংলাদেশে আল-কায়েদা বা ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত কিছু ব্যক্তি সক্রিয় থাকতে পারেন। তবে তাদের সবাই প্রকাশ্যে কোনো সংগঠনের পরিচয় বহন করেন না।

তার মতে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো অনেক সময় সরাসরি বড় সাংগঠনিক কাঠামো তৈরি না করে ছোট ছোট ‘স্লিপার সেল’ বা নিষ্ক্রিয় অবস্থায় থাকা সদস্যদের মাধ্যমে কার্যক্রম পরিচালনার চেষ্টা করে। অনুকূল পরিস্থিতি তৈরি হলে এসব গোষ্ঠী সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে।

এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদার করা, অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান আরও কার্যকর করা জরুরি বলে মনে করেন তিনি।

রাসায়নিক ও জৈব অস্ত্র নিয়েও উদ্বেগ

জাতিসংঘের একই প্রতিবেদনে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের প্রচেষ্টার বিষয়েও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এসব সংগঠন এখনো বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি। তবে অনলাইনে উগ্রপন্থী প্ল্যাটফর্মের মাধ্যমে রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরিসংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়া নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে ইসলামিক স্টেটের সদস্যদের মধ্যে রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির বিষয়ে বিভিন্ন নির্দেশনা ছড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরির বিষয়ে অনলাইনে নির্দেশনা প্রচারের বিষয়টি নজরে এসেছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশে একিউআইএসের সক্রিয় উপস্থিতির বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে জাতিসংঘের সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য নেটওয়ার্ক, অর্থায়ন, অনলাইন যোগাযোগ এবং সন্দেহভাজন ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা জরুরি। একই সঙ্গে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা গ্রেপ্তারকে নির্দিষ্ট আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করার আগে তদন্তের মাধ্যমে তথ্য-প্রমাণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে।

সূত্রঃ দ্য বিজনেস স্টান্ডার্ড

এই শাখার আরও খবর

ইজারাদারের কর্মীকে মারধর, ত্রিশালের সেই ইউএনও প্রত্যাহার

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার…

বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা

মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের ৩ দাবি, মোমবাতি প্রজ্বালন

মেলবোর্ন, ১৪ আগস্ট: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট…

স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো বসাতে চীনা প্রতিষ্ঠানের উদ্যোগ ঠেকিয়েছে নিউজিল্যান্ড

মেলবোর্ন, ১৪ আগস্ট- চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষণ সংস্থা নিউজিল্যান্ডে স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো স্থাপনের চেষ্টা করেছিল। তবে সেই উদ্যোগ ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের…

খুলনায় মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, দুই কারবারির যাবজ্জীবন

মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা…

জাপানি তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ১৪ আগস্ট- জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিশেষ জাতের তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের একটি কৌতুকপূর্ণ মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au